জেলহত্যা দিবসের অনুষ্ঠানে নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের বিজয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে দলের নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে গতকাল ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েক নেতাকর্মী আহত হয়েছেন।
ডিমলায় উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলহত্যা দিবস পালনে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং বিজয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি হাতে নেয়। এতে অংশ নিতে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে কর্মসূচিতে অংশ নিতে দলীয় অফিসে আসেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম। উপজেলা চেয়ারম্যানকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ। তিনি সেখানে বলতে থাকেন, ‘জেলা পরিষদ নির্বাচনে যিনি দলের চেয়ারম্যান প্রার্থীর বিরোধিতা করেছেন তিনি এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’ এ সময় ফেরদৌস পারভেজ তবিবুল ইসলামকে গালিগালাজ করে ধাক্কাধাক্কি করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু পরিস্থিতি শান্ত করেন। এরপর শোকর্যালি বের হয়ে বিজয় চত্বরে যায়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময়ও তবিবুল ইসলামকে বাধা দেন ফেরদৌস পারভেজ। সেখানেও তাকে লাঞ্ছিত করা হয়। তিনি পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে ফিরে যান। ওই সময় সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে চাইলে তবিবুল ইসলাম বলেন, ‘মিথ্যে অভিযোগ তুলে আমাকে লাঞ্ছিত করেছে ফেরদৌস পারভেজ। সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কী বোঝাতে চায় সেটাই জানতে চাই।’
আর ফেরদৌস পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ‘তিনি (তবিবুল ইসলাম) নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান। তারপরও জেলা পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীর বিরোধিতা করেছেন। এতে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলার সকল অঙ্গ-সংগঠনের সিদ্ধান্তে তাকে অবাঞ্ছিত ঘোষণাসহ দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু বলেন, ‘প্রবীণ আওয়ামী লীগ নেতা তবিবুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা বা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হবে না এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর তার বিরুদ্ধে জেলা পরিষদের নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করার কোনো অভিযোগ দলীয়ভাবে কোনো ফোরামে কেউ উপস্থাপন করেননি।’
কিশোরগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল সকালে পাকুন্দিয়া পৌর সদর বাজারে সংঘর্ষ হয়। আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েক নেতাকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে ফুল দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা জড়ো হয়। এ সময় সেখানে ওই কমিটিতে কাক্সিক্ষত পদ না পাওয়া নেতাকর্মীরা জড়ো হলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দু’পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরাও যোগ দিলে ধাওয়া-পাল্টাধাওয়ায় বেশ কয়েক নেতাকর্মী আহত হন।
