সর্বশেষ স্থানীয় নির্বাচনেও সুবিধা হয়নি আ.লীগের

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০১:৪৭ এএম

দেশের সাত উপজেলা, চার পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে গত বুধবার। সাত উপজেলার মধ্যে তিনটিতে সাধারণ নির্বাচন ও চারটিতে উপনির্বাচন, ১৯ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১২টিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়। এছাড়া ৩৬ জেলার ৫২ উপজেলার ৫৮টি ইউপিতে সদস্যের ৬০টি পদে উপনির্বাচন হয়েছে। এই নির্বাচনের ভোটগ্রহণে ঢাকা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণে ইসির চোখে তেমন কোনো অনিয়ম ধরা পড়েনি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ভোটের ফল অনুযায়ী বেশ কিছু জায়গায় নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন। এমনকি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি ইউপির নির্বাচনে জামায়াত নেতার কাছে বিপুল পরিমাণ ভোটে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ নেতা।

এদিকে সদ্য অনুষ্ঠিত এই নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে অনেক জায়গাতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শিবগঞ্জে জামায়াতের কাছে আ. লীগের হার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত নেতার কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ নেতা। বিজয়ী চেয়ারম্যান হলেন শিবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম আজম। তিনি স্বতন্ত্রভাবে আনারস প্রতীকে নির্বাচন করে ৪ হাজার ৭৮০ ভোটের ব্যবধানে পরাজিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তাকে। নৌকা প্রতীক নিয়ে মুক্তা পান ১২ হাজার ৫৯৪ ভোট। অন্যদিকে জামায়াত নেতা গোলাম আজম পান ১৭ হাজার ৩৭৪ ভোট। অন্যদিকে এই নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সোনুর। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেন মোটরসাইকেল প্রতীকে। সবমিলিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৮০৭টি।

বগুরায় স্বতন্ত্র প্রার্থীর জয় : বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হযরত আলী আনারস প্রতীকে ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুজ্জামান চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২৩ ভোট। আর নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইনছান আলী ২ হাজার ২৩৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

কুড়িগ্রামের দুই উপজেলার কোনোটিতেই জেতেননি নৌকার প্রার্থী : কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে দুটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন। দুটিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। চিলমারীতে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান (শাহীন)। আর রৌমারীতে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমান আলী।

দোহারে তিন ইউপিতে নৌকা প্রার্থীদের জয় : ঢাকার দোহারের তিনটি ইউপি নির্বাচনের সবকটিতেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন, সুতারপাড়ায় শেখ নাসির উদ্দিন ও মাহমুদপুর ইউনয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী। মো. আমজাদ হোসেন ৬ হাজার ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল হক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭০৮ ভোট। শেখ নাসির উদ্দিন ৩ হাজার ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চঞ্চল মোল্লা পেয়েছেন ২ হাজার ৪৬৯ ভোট। মো. আইয়ুব আলী ৪ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক উজ্জামান পেয়েছেন ৩ হাজার ২৪৭ ভোট।

দোহার পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় দীর্ঘ ২১ বছর বন্ধ থাকার পর অনুষ্ঠিত হয়েছে এই তিন ইউপির নির্বাচন।

গজারিয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর : মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপির উপনির্বাচনে নির্বাচনে জয়লাভের পরপরই পরাজিত প্রার্থী মাহবুব মিয়ার সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

নির্বাচনে ছেলের পরাজয়ের খবরে বাবার মৃত্যু : জামালপুরের মেলান্দহের ফুলকোঁচা ইউপি নির্বাচনে সাধারণ ইউপি সদস্য (মেম্বার) পদের নির্বাচনে ছেলে মো. আজাদ মিয়ার পরাজয়ের খবরে স্ট্রোক করে মারা গেছেন বাবা শাহ জামাল (৬৫)। গত বুধবার রাতে ফুলকোঁচা ইউনিয়নের ফুলকোঁচা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত