পটুয়াখালীতে জেলা বিএনপি কার্যালয় ও দলের সদস্য সচিবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসবাবপত্র ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলমেট পরিহিত ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল এই হামলা চালায়। ঘটনার পরপরই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আগামীকাল বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে এ হামলা চালিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। সমাবেশের একপর্যায়ে পুলিশি ধাওয়া ও হুমকিতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় শহরের বনানী এলাকায় বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অফিসের মধ্যে থাকা চেয়ারসহ অন্যান্য সামগ্রী রাস্তায় নামিয়ে তা ভেঙে ফেলা হয়।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হাংশু সরকার কুট্টি ও কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান টোটন বলেন, ৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশ বানচাল করতেই পরিকল্পিতভাবে জেলা যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসে থাকা ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে জানতে পটুয়াখালী জেলা যুবলীগ সভাপতি শহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
