দেশে ৮৮ জনের কোভিড শনাক্ত

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

দেশে গত একদিনে ৮৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৬ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার সামান্য বেড়ে ৩ দশমিক ২৫ শতাংশ হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ১০ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪৪১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৬৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৫১টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ১৮ লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত