চার্জ থাকছে না বন্ধের দিনেও রেমিট্যান্স

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:৩৩ এএম

খোলা বাজারে ডলারের দাম বেশি থাকা ও ব্যাংকিং চ্যানেলের চার্জ কাটায় বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হুন্ডিতে রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে দেশে ডলারের সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। যার প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এ কারণে এখন থেকে রেমিট্যান্সের বিপরীতে চার্জ কাটবে না ব্যাংকগুলো। চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা)। একই সঙ্গে বিদেশে রেমিট্যান্স সংগ্রহ বাড়াতে ছুটির দিনেও নিজস্ব এক্সচেঞ্জ হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এ সিদ্ধান্ত আজ সোমবার থেকেই কার্যকর হবে। গতকাল রবিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদার মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম বলেন, ‘বাফেদা ও এবিবির ধারাবাহিক বৈঠকের মতোই আমাদের এ মতবিনিময় সভা হয়েছে। সর্বসম্মতিক্রমে এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকা রপ্তানি আয় সংগ্রহ করবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে রেমিট্যান্স পাঠানোর চার্জ মওকুফ করা হয়েছে। কোনো ধরনের খরচ ছাড়া আগামীকাল (আজ) থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। শুধু তাই নয়, ছুটির দিনগুলোতেও রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। কারণ  ছুটির দিনেও এক্সচেঞ্জ হাউজ খোলা রাখা হবে।’

এর আগে ডলার সংকট নিরসনে গত ২৩ অক্টোবর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করা হয়। আর রপ্তানি বিল ৫০ পয়সা বাড়িয়ে করা হয় ৯৯ টাকা ৫০ পয়সা। যা গত ২৬ সেপ্টেম্বর এক সভায়  ১০৭ টাকা ৫০ পয়সা প্রবাসী আয়ে নির্ধারণ করা হয়। রপ্তানি আয়ে ৯৯ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে ১১ সেপ্টেম্বর প্রথম ব্যাংকারদের সভায় রেমিট্যান্সের ডলার ১০৮ টাকায় কেনার সিদ্ধান্ত হয়।

এদিকে বৈদেশিক মুদ্রার চরম সংকটের এ সময়ে বৈধপথে প্রবাসী আয় বা রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠাতে কোনো ধরনের কাগজপত্র লাগছে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। নানা পদক্ষেপ নিয়েও রেমিট্যান্স বাড়াতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসী আয় বা রেমিট্যান্স ধারাবাহিক কমছে। চলতি ২০২২-২৪ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ১৫২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ অঙ্ক গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। প্রণোদনা বাড়ার পরও সর্বশেষ অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

চলতি বছর প্রথম থেকেই ধারাবাহিকভাবে রপ্তানি আয় কমে যাওয়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহও কমে যাওয়ায় দেশে ডলারের সংকট দেখা দিয়েছে। এ ডলার সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে। এতে কমে যাচ্ছে রিজার্ভও। গতকাল রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার। যা গত বছর আগস্টে ৪৮ বিলিয়ন ছাড়িয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত