সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়ে

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৮:১৯ এএম

প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পেলেন মোহামেদ সালাহ। বিরতির পর হ্যানি কেন অবশ্য শোধ দিলেন একটি। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট হলো না।

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার অনুষ্ঠিত ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথমার্ধের ১১ ও ৪০তম মিনিটে গোল করেন সালাহ। এর পর কেনের দৃশ্যপটে আসা।

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেল লিভারপুল। ১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলা লিভারপুল ১৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

দিনের প্রথম ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারানো আর্সেনাল ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

অন্য ম্যাচে সাউথ্যাম্পটনকে ৪-১ গোলে হারানো নিউক্যাসল ইউনাইটেড ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া এরিক টেন হাগের দল ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

ব্রাইটন ও চেলসির পয়েন্ট সমান ২১। গোল ব্যবধানে এগিয়ে ষষ্ঠ স্থানে ব্রাইটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত