নেটফ্লিক্সের গ্রাহকসংখ্যা আরও বাড়ছে

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০১:৩৫ এএম

বছরের প্রথম দুই প্রান্তিকে সেবাগ্রাহক কমলেও তৃতীয় প্রান্তিকে এসে দিন ফিরেছে নেটফ্লিক্সের; প্রত্যাশার চেয়েও বেশি নতুন সাবস্ক্রাইবার পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ২৪ লাখের বেশি নতুন গ্রাহক পাওয়ার খবর দিয়েছে শীর্ষ এই স্ট্রিমিং সেবা। পাশাপাশি, ২০২৩ সাল নাগাদ পাসওয়ার্ড শেয়ারিং বন্ধে আরও কঠোর হওয়ার পরিকল্পনাও জানিয়েছে কোম্পানিটি।

বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে প্ল্যাটফর্মের সেবাগ্রাহকদের সংখ্যা ২২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা মঙ্গলবার জানিয়েছে নেটফ্লিক্স। জুলাই মাসেই কোম্পানিটি বলেছিল, তৃতীয় প্রান্তিকে ১০ লাখ নতুন গ্রাহকের প্রত্যাশা করছে তারা। নেটফ্লিক্সের চেয়ে কিছুটা আশাবাদী ছিলেন বাজার বিশ্লেষকরা। তারা ভবিষ্যদ্বাণী করেছিলেন ১০ লাখ ৭০ হাজার নতুন ব্যবহারকারীর।

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে নেটফ্লিক্স জানিয়েছে, শেষ প্রান্তিকে ৪৫ লাখ নতুন সেবাগ্রাহক প্ল্যাটফর্মে যোগ দেবেন বলে আশা করছে কোম্পানিটি। আর বাজার বিশ্লেষকরা বলছেন, শেষ প্রান্তিকে নতুন সেবাগ্রাহকদের সংখ্যা থাকবে ৪২ লাখের ঘরে। এ বছরের আগ পর্যন্ত নেটফ্লিক্সের সেবাগ্রাহকদের সংখ্যা বৃদ্ধির হারে হলিউডের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও শঙ্কিত হয়ে পড়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

নেটফ্লিক্সের সাফল্যে শঙ্কিত হয়েই নিজস্ব স্ট্রিমিং সেবা নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে শুরু করে কোম্পানিগুলো; যার ফলাফল অ্যাপল টিভি প্লাস, ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্স, পিকক এবং প্যারামাউন্ট প্লাসের মতো সেবাগুলো।

এই সেবাগুলো বাজারে আসার পর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে নেটফ্লিক্স; কত খরচ করে, কোন প্ল্যাটফর্মে, কোন শো দেখবেনÑএমন অনেকগুলো প্রশ্ন বিবেচনায় নিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মে নাম লেখানোর সুযোগ এসেছে দর্শকদের হাতে। প্রতিযোগিতা বাড়ায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে নেটফ্লিক্সের গায়েই। প্রতিযোগিতায় টিকে থাকতে অতীতে অগ্রাহ্য করে যাওয়া ব্যবসায়িক কৌশলের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে প্ল্যাটফর্মটি। বিজ্ঞাপননির্ভর সাবস্ক্রিপশন সেবা চালু করার উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স; নতুন প্যাকেজ বিশ্বের ১২টি দেশে একযোগে চালু হবে নভেম্বর মাসে।

নেটফ্লিক্সের সবচেয়ে বেশি সেবাগ্রাহক ছিল যুক্তরাষ্ট্র ও কানাডায়। এ বছরের তৃতীয় প্রান্তিকে এই দুই দেশে নেটফ্লিক্সের সেবাগ্রাহকের সংখ্যা বেড়ে পৌঁছেছে সাত কোটি ৩৩ লাখ ৯০ হাজারের ঘরে। কিন্তু একই সময় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় প্ল্যাটফর্মটির সেবাগ্রাহকের সংখ্যা ৫ লাখ ৭০ হাজার বেড়ে ৭ কোটি ৩৫ লাখ ৩০ হাজারে পৌঁছায়। সব মিলিয়ে, বছরের তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের মুনাফা হয়েছে ১৪০ কোটি ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত