চাঁদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০২:০৯ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাম তানহা আক্তার নাদিয়া (৮)। গত রবিবার রাতে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় মানিক হোসেন নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

তানহা আক্তার উপজেলার কাদরা গ্রামের প্রবাসী সাহাদাত হোসেনের কন্যা। সে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

নাদিয়ার মা তাছলিমা আক্তার জানান, তার ছোট মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরে। বিকেলে খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে রাতে বাড়ির পাশের ডোবা থেকে নাদিয়াকে উদ্ধার করে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত  ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ওই রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খেড়িহর গ্রামের মানিক হোসেনকে আটক করে। মানিক এলাকায় ‘ছিটকে চোর’ হিসেবে পরিচিত। শিশুটি মাঝে মাঝে তাকে চোর বলে ডাকত বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ক্ষোভে তাকে ধর্ষণ করে মানিক। চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যা করে মানিক।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, নাদিয়ার মৃতদেহ উদ্ধারের পর মানিক হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ঘটনার সত্যতা স্বীকার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত