ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক সেজে চুরি করতে গিয়ে শুভ আহমেদ (২৭) নামে একজন আটক হয়েছেন। গতকাল সোমবার সকালে তাকে আটক করেন আনসার সদস্যরা। তাদের দাবি, এ নিয়ে তৃতীয়বার তাকে আটক করা হলো।
হাসপাতাল আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আবদুর রউফ জানান, শুভ অ্যাপ্রোন পরে ডাক্তার বেশে হাসপাতালে ঘুরে ঘুরে ডাক্তারদের বই, ল্যাপটপ ও রোগীদের মোবাইল, টাকা-পয়সা চুরি করে থাকে। দুই মাস আগে দুবার হাসপাতালের নতুন ভবন থেকে চুরি করা জিনিসপত্রসহ তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মামলার বাদী খুঁজে না পাওয়ায় ওই চোরের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কয়েক মাস আগে তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল।
এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল পুলিশ ক্যাম্পে দেওয়া হয়। তাদের তাকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি।
