কাতারে বিশ্বকাপ নিয়ে আক্ষেপ ব্লাটারের

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

১২ দিন পর কাতারে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে যাচ্ছে। শুরু থেকেই এই বিশ্বকাপকে ঘিরে নানান বিতর্ক দানা বেঁধেছে। দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘন নিয়ে বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোর শিরোনামে থাকছে কাতার। এর মধ্যেই সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার বললেন, কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়ার সিদ্ধান্তই ছিল ভুল।

এর আগে, ২০১০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশ টপকে বিশ্বকাপের আয়োজক হিসাবে নির্বাচিত হয় কাতার। তখন থেকেই দুর্নীতির বিষয়টি সামনে আসে। অভিযুক্ত হন খোদ ব্লাটার। ১৭ বছর সংস্থাটির প্রেসিডেন্ট থাকার পর নিষেধাজ্ঞার মুখেও পড়েন তিনি। যদিও গত জুনে সুইজারল্যান্ডের আদালত তাকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

সম্প্রতি সুইস সংবাদপত্র টেজেস আনজেইগারের সঙ্গে আলাপকালে ব্লাটার বলেছেন, ' তারা খুবই ছোট দেশ। কিন্তু, ফুটবল এবং বিশ্বকাপ এরচেয়ে অনেক বড়।' আগেও একই কথা বলেছিলেন ব্লাটার। দেশটির চরমভাবাপন্ন আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। যে কারণে পরে আয়োজক নির্ণয়ের মানদণ্ড সংশোধন করে ফিফা। বর্তমানে সামাজিক বিবেচনা এবং মানবাধিকারের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

এদিকে, কাতারে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণ আর উন্নয়নে। এছাড়া সমকামীদের বিষয়ে কাতারের অবস্থান নিয়ে প্রতিবাদে মুখর বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়া তো এ নিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশেষ জার্সি তৈরি করেছে ডেনমার্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত