করোনাকালে আরোপিত নিষেধাজ্ঞায় শিক্ষার্থীরা চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি থাকলেও সশরীরে যেতে পারেননি। যে কারণে অনলাইনের মাধ্যমেই ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে হয়েছে তাদের। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তারা এখন চীনে যেতে ভিসার আবেদন করেছেন। তবে ভিসা পেতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া ফি পরিশোধ করতে বলা হয়েছে তাদের। এ জন্য শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত অনুমোদিত ব্যাংকগুলোকে (এডি) ভিসার আবেদনকৃত শিক্ষার্থীদের বৈদেশিক মুদ্রা ইস্যুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
×
