জজ সেজে টাকা হাতিয়ে নিত সিদ্দিক

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:৪৪ এএম

রাজধানীসহ বিভিন্ন জেলায় কখনো ‘বিচারপতি’, কখনো ‘জজ’ পরিচয় দিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করে গাড়ির মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিকের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার পূর্ব বাগদোল গ্রামে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া থাকেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক মাস যাবৎ আবু বক্কর সিদ্দিক নিজেকে কখনো বিচারপতি আবার কখনো জজ পরিচয় দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারদের ফোন করে। পুলিশ অফিসারদের ফোন নম্বর সংগ্রহ করার জন্য সে ৯৯৯-এ ফোন দিত। পরে সে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে যেকোনো একটি গাড়িকে টার্গেট করে। এরপর ওই স্থানে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে নিজেকে জজ বা বিচারপতি পরিচয় দিয়ে প্রথমে গাড়িটিকে আটক করতে বলে। তার কথামতো পুলিশ অফিসার গাড়িটিকে আটক করলে সে পুলিশের মাধ্যমে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তার কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ বিভিন্ন অঙ্কের টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে পরবর্তী সময়ে পুলিশকে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বলে। এভাবে সে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

আবু বকরের বিরুদ্ধে এমন অভিযোগ ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কাছে এলে তিনি অপরাধীকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি মোবাশশিরা হাবিব খানকে নির্দেশ প্রদান করেন।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, আমাদের অফিসার জহিরুলের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ভুয়া জজ আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়। এ ঘটনায় মামলাসহ তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না সে ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত