ঢাবি ছাত্রকে হাসপাতালে পাঠাল ছাত্রলীগকর্মী

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:৪৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হলটির ১১০০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

মারধরের অভিযোগ ওঠা ছাত্রলীগকর্মী মোনাফ প্রান্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। হল ছাত্রলীগের সদস্য। অন্যদিকে মারধরের শিকার রাসেল মাহমুদ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মারধরের শিকার রাসেল মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, “আমাদের রুম পরিবর্তন চলছে। তখন আমি রিডিং রুমে ছিলাম। রুমে এসে দেখি প্রান্ত আমার রুমে শুয়ে আছে। আমি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে সে বলে, ‘এখনো রুম থেকে সব জিনিস নিয়ে যাস নাই কেন? তাড়াতাড়ি নিয়ে যা। আমি তখন তাকে একটু দেরিতে বের হওয়ার কথা বলতেই তিনি আমাকে গালিগালাজ করেন। এরপর রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করেন। পরে বন্ধুরা এসে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।’ তবে মারধরের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন ছাত্রলীগকর্মী মোনাফ প্রান্ত। তিনি বলেন, ‘এরকম কোনো কিছুই হয়নি। রাসেল আমার বন্ধু হয়। রুম নিয়ে জাস্ট একটু তর্কাতর্কি হয়েছে। পরে সিনিয়র ভাইরা এসে সমাধান করে দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত