ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কি হবে?

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১১:১৫ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে একাধিক বড় ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। অ্যাডিলেডে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের আগেও রয়েছে বৃষ্টির ভ্রুকূটি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি। খেলা হবে অ্যাডিলেডে। বুধবার যেখানে সারারাত বৃষ্টি হয়েছে। ম্যাচের দিন সকালেও আকাশের মুখ ভার।

আশার বিষয় হচ্ছে ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচের সময়ে তা নেই। বৃহস্পতিবার সকালের দিকে অ্যাডিলেডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

তবে মেঘলা আবহাওয়া ও আগের রাতের একটানা বৃষ্টির জন্য আবহাওয়ার উল্লেখযোগ্য বদল হতে পারে। বিশেষ করে উষ্ণতা কমতে পারে অনেকটা।

তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও কোনো চিন্তা নেই। কারণ সেমিফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। যদি প্রতি ইনিংসে কমপক্ষে ৫ ওভার করে খেলা আয়োজন করা না যায়, তবে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।

রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ আয়োজন করা না যায়, তবে সুপার টুয়েলভের লিগ টেবিলে যে দলের অবস্থান ভালো, তারা ফাইনালের টিকিট পাবে। সেক্ষেত্রে গ্রুপ-২ থেকে সেরা হয়ে সেমিতে ওঠা ভারত ফাইনালে চলে যাবে।

আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত