মেলবোর্নে আরেকটা মহারণ দেখার প্রতীক্ষায় ছিলেন সবাই। অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয়রাও উদগ্রীব ছিলেন ভারত-পাকিস্তান ফাইনাল দেখার জন্য। কিন্তু অ্যাডিলেডে সেই স্বপ্নের ইতি ঘটল। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মারা। অ্যালেক্স হেলস ও অধিনায়ক জস বাটলারকে আউটই করতে পারেননি ভুবনেশ্বর কুমাররা। তাতে বিশ্বকাপে চতুর্থ উদ্বোধনী জুটি হিসেবে পাকিস্তানের বাবর-রিজওয়ানের পাশে নাম লেখালেন এ দুই ইংলিশ ব্যাটার।
গতকালই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার উদ্বোধনী জুটিতে শতরান স্পর্শ করেছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সেটাও আবার আজ অবধি ছিল বিরল এক রেকর্ড। কারণ এ দুজন ছাড়া আর কোনো ওপেনিং জুটিরই বিশ্বকাপে এমন কীর্তি ছিল না।
অবশেষে তাদের কীর্তিতে ভাগ বসালেন ইংলিশ অধিনায়ক জস বাটলার ও ওপেনার অ্যালেক্স হেলস। অ্যাডিলেডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারানোর দিনে উদ্বোধনী জুটিতে ১৭০ রান করেন। বিশ্বকাপের উদ্বোধনী জুটিতে যা আবার সর্বোচ্চ সংগ্রহ।
এদিকে বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ফাইনালে তাদের সঙ্গী ইংল্যান্ডের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা ১০ উইকেটে হারিয়েছিল ইংলিশদের। সেদিন বাবর-রিজওয়ান গড়েছিলেন ২০৩ রানের উদ্বোধনী জুটি। বাবর অপরাজিত ছিলেন ১১০ রানে। এবার সেই ইংলিশরাই তাদের পাশে নাম লেখালেন।
গত বছর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান। সেদিন দুজনে মিলে গড়েছিলেন ১৫২ রানের জুটি। সেই বিশ্বকাপেই নামিবিয়ার বিপক্ষে এ দুই পাক ব্যাটার ১১৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। আজ ফের বিশ্বকাপে আরও একটি শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন বাবর-রিজওয়ান।
