হাসিমুখে কপালে হাত দিয়ে খুশি মনে পোজ দিয়েছেন মালাইকা অরোরা। আর সঙ্গে লেখা, 'আমি হ্যাঁ বললাম।' সকাল সকাল মালাইকার এই পোস্ট দেখে জল্পনা শুরু। তবে কি আবারো বলিউডে বিয়ের সানাই? না, কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু সকলের শুভেচ্ছা বার্তায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে জল্পনাও হচ্ছিল জোরালো। বেলা বাড়তেই সব ধোঁয়াশা কাটল। সামনে এলো সত্যি।
অনুরাগীদের বেশিক্ষণ অপেক্ষা করাননি নায়িকা। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার বিয়ের জাল যখন বুনতে শুরু করেছেন সকলে, তখনই চমকে দিলেন নায়িকা। অভিনেত্রীর আগের পোস্টে অনেকেই তার আঙুলে আংটিও খুঁজতে শুরু করেছিলেন। তবে এমন কিছুই হচ্ছে না। তা হলে হচ্ছেটা কী?
কোনো বিয়ের খবর নয়। আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে স্ট্রিমিং শুরু হবে মালাইকার নতুন রিয়েলিটি শো 'মুভিং উইথ মালাইকা'। যা দেখা যাবে 'ডিজনি হটস্টার' ওটিটি প্ল্যাটফর্মে। সেই শোয়ের জন্যই যে 'হ্যাঁ' বলেছেন তিনি। সেই কথাই স্পষ্ট করলেন অভিনেত্রী। লিখলেন, 'আমি হ্যাঁ বললাম। আমার নতুন রিয়েলিটি শো আসছে। যেখানে ব্যক্তি মালাইকাকে এভাবে প্রথমবার দেখবেন আপনারা। আপনারা এতক্ষণ কী ভাবছিলেন? অপেক্ষা করুন।' ৫ ডিসেম্বর থেকে দেখানো হবে এই শো। সূত্র : পিঙ্কভিলা
