কাতারে অনুষ্ঠেয় ফুটবল ওয়ার্ল্ডকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফিফা র্যাংকিংয়ের দ্বিতীয় দল বেলজিয়াম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত দলে কারা থাকছেন তাদের নাম প্রকাশ করা হয়।
বেলজিয়ামের স্কোয়াড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল দলের অন্যতম ফরোয়ার্ড রুমেলু লুকাকুর হ্যামস্ট্রিং ইনজুরিকে ঘিরে। সংশ্লিষ্টদের অনেকেই ভাবছিলেন কাতার বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারেন এই বেলজিয়ান।
তবে, লুকাকুর ব্যাপারে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বেলজিয়ামের হেড কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, গ্রুপ পর্বের ম্যাচ খেলার মতো সুস্থতা রয়েছে তার। আর বেলজিয়াম যদি নক আউট রাউন্ড পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে লুকাকুর মতো খেলোয়াড়ের ওপর গুরুদায়িত্ব বর্তাবে।
মার্টিনেজ বলেন, লুকাকু এখনও পুরোপুরি ফিট নন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগেও যদি তিনি ফিটনেস পরীক্ষায় উতরে যান, তাহলে অবশ্যই তিনি দলে থাকবেন।
এদিকে, লুকাকু বিশেষ নজরে থাকার কারণে এরকম সুবিধা পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেছেন, মোটেও তা না। ইউরো কাপে এক্সেল উইটসেল এবং ২০১৮ বিশ্বকাপে তিন ম্যাচ খেলার পর ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভিনসেন্ট কোম্পানি।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বেলজিয়ামের কোচ মার্টিনেজ বলেছেন, রক্ষণভাগ নিয়ে তিনি আপাতত চিন্তিত।। কারণ, ডেডরিক বয়াটার মতো ডিফেন্ডারকে তারা এবার পাচ্ছেন না। ফিটনেস সংক্রান্ত ঝামেলায় স্কোয়াডের বাইরে রয়েছেন জ্যাসন ডিনায়ার। তার স্থলাভিষিক্ত হয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি ন্যাসের শাডলি।
অন্যদিকে, ওয়ার্ল্ডকাপ কোয়ালিফাইংয়ে গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড়রা স্কোয়াডে না থাকায় ওউট ফায়েস, লায়োস অপেন্ডার মতো অপেক্ষাকৃত নতুনদের ওপর বেশি ভরসা করতে হচ্ছে বলেও জানিয়েছেন হেড কোচ মার্টিনেজ।
বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: থিবাউট কোরটোইস, সাইমন মিগনোলেট, কয়েন কাস্টিলস
ডিফেন্স: জান ভেরটোঝেন, টবি এল্ডারুইল্ড, লিন্ডার ডেন্ডঙ্কার, যেনো ডিবাস্ট, আর্থার থিয়েটি, ওউট ফায়েস
মিডফিল্ড: হ্যান্স ভ্যানাকেন, এক্সেল উইটসেল, ইউরি টেইলিমানস, এমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনি, ইয়ান্নিক ক্যারাস্কো, থরগান হ্যাজার্ড, টিমোথি ক্যাস্টাগনি, থমাস মেউনিয়ের
ফরোয়ার্ড: রুমেলু লুকাকু, মিশি বাতসুয়াই, লুইস অপেন্ডা, শার্ল ডে কেটেলারে, এডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রাইস মারটেনস, লিওনার্ডো ট্রোসার্ড
