'দ্য কাশ্মীর ফাইলস' ছবি তৈরি করে গোটা দেশ, দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে এ ছবি। তবে শুধু ব্যবসা নয়, সমালোচকদের কাছ থেকেও দারুণ প্রশংসা কুড়ায় 'দ্য কাশ্মীর ফাইলস'।
এর পর থেকেই আলোচনায় পরিচালক বিবেক। তার পরের ছবি কী? তা নিয়েও আলোচনা চলছিল বলিউডে। সব গুঞ্জনে ইতি দিয়ে এবার বিবেক নিজেই সোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন, তার নতুন ছবির নাম ও বিষয়। সঙ্গে প্রকাশ্যে আনলেন ছবির পোস্টারও। বিবেকের নতুন ছবির নাম 'দ্য ভ্যাকসিন ওয়ার'।
বিবেক অগ্নিহোত্রী টুইটে লেখেন, এবার এমন একটা যুদ্ধের গল্প সামনে নিয়ে আসছি, যে যুদ্ধ আপনাদের অজান্তে ভারত লড়েছে। আর বিজ্ঞান, সাহস এবং আদর্শকে ভর করে যুদ্ধটা জিতেছেও।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির মতোই বিবেকের এ ছবি বাস্তব ঘটনার ওপর তৈরি হচ্ছে। সূত্র জানাচ্ছে, করোনা পরিস্থিতিতে টিকা তৈরির নেপথ্যে দেশের অজানা গল্পকেই ছবিতে তুলে ধরবেন বিবেক। ছবির শুটিং হবে লখনউতে। জানা গেছে, সব ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী বছর স্বাধীনতা দিবসে। সূত্র : হিন্দুস্তান টাইমস
