সিলেটে রূপায়ণ হাউজিংয়ের কর্মীর ওপর হামলা

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০১:৫৭ এএম

সিলেটে রূপায়ণ হাউজিং কোম্পানির কর্মী ওয়ারেজ আহমেদের (৬০) ওপর হামলা হয়েছে। তিনি রূপায়ণ হাউজিং লিমিটেডের স্টোর কর্মকর্তা হিসেবে সিলেটে কর্মরত। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর শিবগঞ্জে রূপায়ণ-মোবাশ্বির প্যালেসে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওয়ারেজ আহমেদ সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, রূপায়ণ-মোবাশ্বির প্যালেসের এ-১ ফ্ল্যাটের বাসিন্দা আনোয়ার আহমেদ গতকাল বেলা ১১টার দিকে ওয়ারেজ আহমেদের ওপর হামলা চালান। তাকে ব্যাপক মারধর করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে ওয়ারেজ অচেতন হয়ে পড়েন। তখন আশপাশ থেকে অন্যরা এগিয়ে এলে হামলাকারী আনোয়ার দ্রুত চলে যান। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ওয়ারেজ শাহপরান থানায় জিডি করে নিরাপত্তার দাবি জানিয়েছেন।

শাহপরান থানার ওসি সৈয়দ আনিছুর রহমান এ ব্যাপারে দেশ রূপান্তরকে বলেন, ‘জিডির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ আইনত পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত