ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ২৫ দিনব্যাপী যুক্তরাষ্ট্রের নেভাল স্পেশাল ওয়ারফেয়ার (এনএসডব্লিউ) ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজের (এসডব্লিউএডিএস) মধ্যে চলতি বছরের দ্বিতীয় জয়েন্ট কম্বাইন্ড এক্সচেঞ্জ ট্রেনিং (জেসিইটি) শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ১৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএস এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এনএসডব্লিউ প্রশিক্ষকরা চার সপ্তাহের কঠোর অনুশীলনে অংশ নেন। যার মাধ্যমে অংশগ্রহণকারীরা টহল ও সংকট মোকাবিলার কৌশলগুলোর সঙ্গে নিজেদের পরিচিত করতে পেরেছেন।
এ প্রশিক্ষণের মূল লক্ষ্যগুলোর মধ্যে চিকিৎসা দেওয়া ও যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রে অভিযান পরিকল্পনা, নৌযানে তল্লাশি চালানো ও জব্দ করার কৌশল, সামুদ্রিক যোগাযোগের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএসের ৪২ জন অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের তৈরি ডিফেন্ডার এবং মেটালশার্ক টহল বোটগুলো কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে দক্ষতার সঙ্গে পরিচালনার মাধ্যমে পেশাগত দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শন করেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ও বাংলাদেশ নৌবাহিনী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, শান্তিপূর্ণ উন্নয়নকে উৎসাহিত করা ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে একসঙ্গে কাজ করছে।
