বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা প্রায় ৬৬ ঘণ্টা পর শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। তবে কার্যালয়ের ভেতরে থাকা ছাত্রলীগের কার্যালয় তালাবদ্ধ রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার পর সাবেক ছাত্রনেতাদের আহ্বানে তালা খুলে দেওয়া হয়।
বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির প্রত্যাহার চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ৮টায় কেন্দ্রীয়ভাবে সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটি ঘোষণা পরপরই বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে।
গতকাল তৃতীয় দিনের মতো সকাল থেকে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। বেলা ১২টার পর বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতারা দলীয় কার্যালয়ের সামনে আসেন। এ-সময় বিক্ষোভ করা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এতে আশ্বস্ত হয়ে শর্তসাপেক্ষে দলীয় কার্যালয়ের তালার চাবি সাবেক ছাত্রনেতাদের কাছে হস্তান্তর করে আন্দোলনকারীরা।
দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়া সাবেক ছাত্রনেতা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো প্রমুখ।
