সমাবেশস্থলে দুই দিন আগেই নেতাকর্মীরা

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:৪৪ এএম

ফরিদপুরে ১২ নভেম্বরের বিভাগীয় সমাবেশে অংশ নিতে প্রথম দল হিসেবে শরীয়তপুর থেকে কয়েকশ নেতাকর্মী ফরিদপুরের কোমরপুরে জনসভাস্থল আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে পৌঁছেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে বুধবার রাত ১০টার দিকে তারা সমাবেশস্থলে এসে পৌঁছেন।

শরীয়তপুর জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান জানান, রাত ৮টার দিকে তারা চারটি ট্রাকযোগে শরীয়তপুর থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে সমাবেশস্থলে এসে পৌঁছেন। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরীয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীসহ নেতাকর্মীরা রয়েছেন।

বিএনপি নেতা খোকন তালুকদার জানান, প্রথম দল হিসেবে রাতে শরীয়তপুরের নেতাকর্মীদের একটি মাত্র অংশ এখানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে আরও নেতাকর্মী আসবেন। প্রায় ৫-৬ হাজার নেতাকর্মী শরীয়তপুর জেলা থেকে এই সমাবেশে যোগ দেবেন।

শরীয়তপুরের বিএনপির এই নেতাকর্মীরা জনসভাস্থলেই রাতযাপন করেন।

ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম জানান, সরকার এই গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এজন্য নেতাকর্মীরা আগেভাগেই সমাবেশস্থলে আসছেন।

সারা দেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, ১২ নভেম্বর বেলা ১১টায় গণসমাবেশ শুরু হবে। তবে যেহেতু পথে পথে নানা বাধা এবং গণসমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে, তাই নির্ধারিত সময়ের আগে থেকেই এই গণসমাবেশ চলবে। তিনি জানান, এরপর প্রথম ধাপের কর্মসূচি শেষে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সমাবেশকে ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত