কাতারে ব্রাজিলকে চ্যাম্পিয়ন দেখতে চান পেলে

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

বিশ্বকাপে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতারে হতে যাওয়া আসছে আসরেও যারা হট ফেভারিট। দেশটির কিংবদন্তি পেলের চাওয়া, এবার ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলবে তার দেশ।

কোচ তিতে বিশ্বকাপ মিশনের জন্য যে স্কোয়াড বেছে নিয়েছেন, তার প্রতিও পূর্ণ আস্থা রয়েছে পেলের।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি নিজের প্রত্যাশার কথা জানিয়েছে একটি পোস্ট করেছেন পেলে। নিজের খেলোয়াড়ী জীবনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে পেলে লিখেছেন, ‘শেষবার আমি যখন ব্রাজিলের জার্সি পরেছিলাম, তখন আমরাই প্রথম তিনবার ট্রফিটির বিজয়ী ছিলাম। এখন আমাদের পাঁচটি তারা (শিরোপা) আছে। ষষ্ঠ তারকা যোগ হতে দেখতে আমার তর সইছে না।’

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ এনেছেন তিনি- ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেছেন ‘ফুটবল সম্রাট’।

গত কয়েক বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন পেলে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড নিয়ে পেলে লিখেছেন, ‘এই দলের প্রতি আমার আস্থা আছে এবং আমাদের দলকে শুভকামনা জানাতে এসেছি।’

২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপ তাদের সঙ্গী অপর দুই দল সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত