পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র রিদওয়ানুল হক রাহুল (২৩)। খুলনা থেকে তিনি প্রথমে ঈশ্বরদী আসেন। সেখান থেকে সান্তাহারের উদ্দেশে আবারও ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েন। ট্রেনটি জয়পুরহাট স্টেশন এসে পৌঁছালে তার ঘুম ভেঙে যায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে প্রাণ হারান। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে জয়পুরহাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রাহুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, কুয়েটের একাডেমি পরীক্ষা শেষ করে বহস্পতিবার খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন রাহুল।
এদিকে রাহুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কুয়েটের উপাচার্য মিহির রঞ্জন হালদার। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী টি. এম. রিদওয়ানুল হক রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
