বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াকে (৩৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানু ভূঁইয়া বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে পদ্মপুকুরের মোড় এলাকায় দুর্বৃত্তরা তানু ভূঁইয়াকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানু ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার গুলিবিদ্ধ হয়ে তানু ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে তার শরীরে কয়টি গুলি লেগেছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, ‘তানু ভূঁইয়া নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।’
