শেষ হলো মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর গ্র্যান্ড ফিনালে। দ্বিতীয় বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় আট হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরলেন আন নূর খান নোলক।
জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৮ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে বাছাই করে পাঁচ শতাধিক প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়। অডিশন রাউন্ডে অংশ নিয়ে ছিটকে পড়ে ৪ শতাধিক প্রতিযোগী। বাকি থাকে ১০০ জন প্রতিযোগী। এরপর চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ৩ দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন হয়। সেশনে ১০০ জন থেকে বাদ পড়ে আরও ৫০ প্রতিযোগী।
এরপর আরও একবার গ্রুমিং সেশন শেষে ২০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয় ১১ নভেম্বরের ফাইনাল রাউন্ডের জন্য। চূড়ান্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিজয়ীর মুকুট ওঠে আন নূর খান নোলকের মাথায়। প্রথম রানার্সআপ হন কানিজ সুবর্ণা এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মেহেরীন হামিদ। প্রতিযোগিতায় চতুর্থ অবস্থানে রয়েছেন ফারিয়াল কামাল এবং পঞ্চম স্থান অধিকার করেন ফারহানা মোমেন।
মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় 'মিসেস ট্যুরিজম' খেতাব পেয়েছেন উলফা আকতার। 'মিসেস এশিয়া' হন খাদিজা আকতার রাহা। আর 'মিসেস আর্থ' টাইটেল জিতে নেন ইসপিতা শবনম স্বর্ণা।
উল্লেখ্য, বিবাহিত নারীদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে একটি বড় প্লাটফর্ম হিসেবে কাজ করছে 'মিসেস ইউনিভার্স বাংলাদেশ' প্রতিযোগিতাটি। এর মাধ্যমে প্রতিযোগীরা নিজ দেশে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারছেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে ভূমিকা পালন করবেন।
