এশিয়া কাপের পর লম্বা একটা বিরতিই পেয়েছেন টাইগ্রেসরা। আগামী ২ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু হচ্ছে তাদের টুর্নামেন্টের পর প্রথম কোনো সিরিজ। বাংলাদেশের মেয়েরা তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন।
দুই সংস্করণের জন্য আজ এই সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা বিসিবি। যেখানে দেখা গেছে নতুন দুই মুখ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস।
সবকিছু ঠিক থাকলে ২৪ নভেম্বর নিউজিল্যান্ড সফরে যাবেন বাংলাদেশের মেয়েরা। এক সপ্তাহ অনুশীলনের পর আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নিগাররা। ৪ ডিসেম্বর ডানেডিনে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ হবে ৭ ডিসেম্বর কুইন্সটাউনে।
১১ ডিসেম্বর ওয়েলিংটনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১৪ ডিসেম্বর নেপিয়ারে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১৭ ডিসেম্বর হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ দিয়ে সফর শেষ হবে নারী দলের।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।
