বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ১৬ নভেম্বর পর্যন্ত

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:২৬ এএম

বান্দরবানের তিন উপজেলায় নিরাপত্তার কারণে ষষ্ঠ দফায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এক গণবিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা বাড়ানোর কথা জানিয়েছেন। এ নিয়ে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ল ভ্রমণ নিষেধাজ্ঞা।

গতকাল জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের ১২ নভেম্বরের চিঠির আলোকে তিনটি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। জনস্বার্থে ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

গত ৯ অক্টোবর থেকে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন এবং ওই ইউনিয়নসংলগ্ন বান্দরবানের রুমা ও রোয়াংছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছিল। অভিযানের একপর্যায়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এবং পরে থানচি ও আলীকদমকে অভিযানের আওতায় আনা হয়। পর্যায়ক্রমে ৮ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত