চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটের নিচে সাড়ে ৬ কেজি স্বর্ণ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে মালিকবিহীন অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করেন কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
কাস্টমস সূত্র জানায়, সকালে দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের যাত্রীরা নেমে যাওয়ার পর সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানটির বিজনেস ক্লাসের একটি সিটের নিচে মোট ৫৬টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আটককৃত স্বর্ণের বারগুলোর ওজন ৬ কেজি ৫২৪ গ্রাম। এর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে অবৈধভাবে এ স্বর্ণ আমদানির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
