‘ব্রহ্মাস্ত্র ২’তে থাকছেন দীপিকা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:১৪ এএম

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে সমালোচনা হলেও ছবিটি বক্স অফিসে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে। ‘রণলিয়া’ ছাড়াও এই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রায়। এ ছাড়াও এই ছবিতে রয়েছেন আরও একজন প্রথম সারির অভিনেত্রী। তিনি দীপিকা পাড়ুকোন! কীভাবে? সেই উত্তর মিলেছে। ছবি মুক্তির আগে থেকেই খবর ছড়িয়েছিল এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ছবি মুক্তির পর সেই খবরের সত্যতা পাওয়া যায়। অন্য দিকে আরও একটি গুঞ্জন ছড়ায়, ছবিতে নাকি রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই দাবিকে তখন নেহাত গুজব বলে উড়িয়ে দেন। সিনেমা হলে ছবিটির দুটো ভার্সনে মুক্তি পায়Ñ ‘টু ডি’ এবং ‘থ্রি ডি’। ছবিটা দেখার পর দর্শকের একাংশের দাবি ছিল, রণবীরের মা অর্থাৎ অমৃতার চরিত্রে যাকে দেখা গিয়েছে, তিনি দীপিকাই। অন্য দিকে ‘থ্রি ডি’ ভার্সনের দর্শক বলেছিলেন, চরিত্রটা খুবই কম সময়ের জন্য ছিল। তাই ওই অভিনেত্রী দীপিকা কি না, তারা বুঝতে পারেননি। অবশেষে এই ধাঁধার উত্তর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, অমৃতার চরিত্রে আর কেউ নন, স্বয়ং দীপিকাই অভিনয় করেছেন। আসলে যাবতীয় জল্পনায় জল ঢেলেছে ওটিটি। এর আগে জানা গিয়েছিল ওটিটিতে ছবির সঙ্গে কিছু অতিরিক্ত চমক যোগ করেছেন নির্মাতারা। তাই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর ওই দৃশ্যে দীপিকাকে স্পষ্ট দেখা গিয়েছে। রণবীর অর্থাৎ ছবির শিবার মায়ের চরিত্রে রয়েছেন দীপিকা। ছেলেকে কোলে নিয়ে তিনি ঘরের মধ্যে হাঁটছেন, দৃশ্যটা এ রকমই। ‘ব্রহ্মাস্ত্র’কে নিয়ে পরিচালকের একটি ট্রিলজির পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে দীপিকার চরিত্রটির ওপর আরও বেশি আলোকপাত করা হবে। সে জন্যই প্রথম পর্বে তাকে ঘিরে রহস্য জিইয়ে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত