মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলে দ্বিতীয়বার এই টুর্নামেন্টে শিরোপার দেখা পাবে ইংল্যান্ড। পাকিস্তানের জন্যও একই কথা প্রযোজ্য। তারা ইংল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার স্বাদ পাবে। অর্থাৎ যে দলই জিতুক সেটি হবে এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় শিরোপা।
যদিও দুই দলেরই প্রথম ও দ্বিতীয় ট্রফি জয়ের মধ্যে ব্যবধান থাকবে অনেক। পাকিস্তান প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ২০০৯ সালে। ইংল্যান্ড প্রথমবার সাফল্য পায় ২০১০ সালে।
ইংল্যান্ড যদি শেষমেশ চ্যাম্পিয়ন হয়, তবে একই বছর দুটি বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড গড়বেন দলটির প্রধান কোচ ম্যাথু মট।
কোচ হিসেবে এ বছরই অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলকে ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মট। গত এপ্রিলে মটের কোচিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে সেই সাফল্যের গল্প লিখেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মট সাত বছর অস্ট্রেলিয়া নারী দলের কোচ ছিলেন। তার কোচিংয়ে দলটা হয়ে উঠেছিল অদম্য।
মে-তে ইংল্যান্ডের সাদা বলের দলের কোচ হিসেবে নিয়োগ পান মট। কম সময়ের মধ্যেই দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত বাটলাররা চ্যাম্পিয়ন হলে এ বছর কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের নজির হবে মটের।
অস্ট্রেলিয়ার মেয়েদের কোচ হিসেবে মট জিতেছেন মোট তিনটি বিশ্বকাপ। ২০১৮ ও ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়ার মেয়েরা। পরে ২০২২ সালে জিতে নেয় ওয়ানডে বিশ্বকাপ।
আরও পড়ুন
