সকালের ঝলমলে রোদে উড়ে গেছে বৃষ্টির শঙ্কা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:২৬ পিএম

সংস্করণটা ভিন্ন। তবুও বিশ্বকাপ যেন ফিরে গেছে ত্রিশ বছর পেছনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ইংল্যান্ড-পাকিস্তান। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও একই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে এবারের ফাইনালে তাদের সঙ্গে তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টিরও শঙ্কা ছিল। তবে আজ সকাল থেকেই মেলবোর্নের আকাশে রোদ।

ঝলমলে রোদের সঙ্গে রয়েছে বাতাস। তবে ‍বৃষ্টির শঙ্কা একেবারে উড়ে যায়নি। তাতে সময়মতো মাঠে টস অনুষ্ঠিত হয়েছে। তাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। একইভাবে ১৯৯২ সালেও পাকিস্তান আগে ব্যাট করে জিতেছিল ২২ রানে।    

যদিও দেশটির আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাসে বলেছিল, রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বেলা বাড়ার সঙ্গে শুরু হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে বইবে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২৫ কিলোমিটার। আজ আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে সোমবারও। কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পূর্বাভাসে শঙ্কিত ছিল আইসিসিও।

উল্লেখ্য, সোমবার ফাইনালের রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। আজ যদি বৃষ্টির জন্য খেলা না হয়, তবে খেলা হবে আগামীকাল। আবার যদি কিছুটাও খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে পরদিন বাকি খেলা হবে। ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দু’দলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত