আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হারিয়ে যাওয়া হাওয়া ভবন আর সেই ময়ূর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন।
তিনি বলেন, টাকা উড়ছে আকাশে, টাকা উড়ছে বাতাসে। ফখরুল ইসলাম টাকার বস্তার ওপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী-এমপি বানাবে তা শুরু হয়ে গেছে। আমরা তা হতে দেব না। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে। শেখ হাসিনার উন্নয়ন দেখে ওদের এখন জ্বালা।
রোববার দুপুরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে এসব বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার। এটা ভুলে যান।
তিনি বিএনপির উদ্দেশ্যে আরো বলেন, লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলনের পতন হয়েছে, নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। অস্ত্র পাচারকারী আপনাদের নেতা, এটা হতে দেওয়া হবে না। এ দেশে যা উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
সমাবেশ শেষে আবারো আব্দুল হাইকে সভাপতি, সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি।
