নিজের ছবির টিকেটই পেলেন না অনুপম খের!

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৬:৩৩ পিএম

প্রেক্ষাগৃহে গিয়ে নিজের অভিনীত সিনেমা দেখতেই বাধা! তাহলে আর জীবনে রইল কী! 'উঁচাই'-এর টিকেট পাচ্ছেন না স্বয়ং অনুপম খের। দুঃখজনক ঘটনাটিকে বোঝাতে মজা করেই একটি ভিডিও পোস্ট করলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোনও এক প্রেক্ষাগৃহে 'উঁচাই'-এর টিকেট কিনতে চাইছেন অভিনেতা। কিন্তু ফিরে আসতে হচ্ছে খালি হাতেই।

বক্স অফিস সূত্রে তাকে বলা হলো, সব শো হাউজফুল।

সুরজ বরজাতিয়া পরিচালিত 'উঁচাই' মুক্তি পেয়েছে ১১ নভেম্বর। আরামের জীবন পেছনে ফেলে তিন বন্ধুর এভারেস্টে চড়ার গল্প। অভিনয়ে অনুপম খের ছাড়াও নজর কেড়েছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, নীনা গুপ্ত, পরিণীতি চোপড়া এবং সারিকার মতো তারকারা। যা দেখতে এর মধ্যেই প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। শুক্র আর শনিবার বেশির ভাগ প্রেক্ষাগৃহই হাউজফুল ছিল বলে খবর। সেই তথ্যের প্রতিফলন অনুপমের ভিডিওতেও।

দেখা যায়, টিকেট কাটতে গিয়ে ফিরে আসছেন অভিনেতা। পরনে স্যুট-প্যান্ট। বিষাদ মিশ্রিত স্বরে হিন্দিতে বলছেন, 'আমায় ফিরিয়ে দিল! আমি তো ছবিতে অভিনয় করেছি! একমাত্র ছবি, যেটা কিনা দাঁড়িয়ে হলেও দেখতে পারব।' এর পরই অবশ্য হাসিমুখে অনুপমকে পরিচালকের দিকে এগিয়ে যেতে দেখা যায়। কিছু দূরেই দাঁড়িয়েছিলেন তিনি। অনুপম সুরজকে জানালেন, একটাও টিকেট নেই। সব শো-ই হাউজফুল। সুরজও হেসে উঠলেন শুনে। তারা দুজনে হেঁটে বেরিয়ে যেতে ক্যামেরার বাইরে থেকে কাউকে বলতে শোনা গেল, 'দারুণ সিনেমা স্যার।'

ভিডিওটি টুইটারে শেয়ার করে অনুপম হিন্দিতে লিখেছেন, 'উঁচাই-এর টিকেট পেলাম না আমি। জীবনে প্রথমবার, সাফল্যের কারণে ব্যর্থ হলাম। এই আনন্দে পাগল হয়ে যাচ্ছি! আসলে সব কিছুই সম্ভব।' 

প্রথম দিনেই 'উঁচাই' আয় করেছে ২ কোটির কাছাকাছি, যা দেশজুড়ে মাত্র ৫০০টি পর্দায় মুক্তি পাওয়া ছবি হিসাবে অনেকটাই লাভের মুখ দেখেছে। এভাবে চলতে থাকলে আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে 'উঁচাই' চলে আসবে বলে আশা নির্মাতাদের। সূত্র : হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত