পাকিস্তান ফাইনাল খেলার যোগ্য ছিল না: আমির

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১০:৩৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হারের পর বিস্ফোরক মন্তব্য করলেন মোহাম্মদ আমির। বাবর আজমদের সদ্য শেষ হওয়া আসরের ফাইনালে ওঠার যোগ্যতা ছিল না বলে দাবি পাকিস্তানের সাবেক এই পেসারের।

মেলবোর্নে রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রানেই থামে পাকিস্তান। জবাবে এক ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ম্যাচের পর এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। এই দলের কোনো যোগ্যতাই ছিল না ফাইনাল খেলার। আমরা কীভাবে ফাইনালে পৌঁছেছি, তা পুরো বিশ্ব জানে। পারফরম্যান্স দেখলেই বোঝা যায় যে কেমন ফল হতে পারে।’

ফাইনালে হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন আমির, ‘এমসিজির পিচ যে বোলারদের সাহায্য করবে তা জানাই ছিল। আমি আগেই বলেছিলাম যে প্রথম ম্যাচের মত পিচ হলে পাকিস্তান ব্যাটিংলাইনকে ভুগতে হবে। ঠিক সেটাই হয়েছে।’

হারিসের আউটের সমালোচনা করে আমির আরও বলেন, ‘হারিসের প্রতিভা নিয়ে আমরা অনেক কথাই বলছি। কিন্তু কখন, কোন শট খেলতে হবে তা বুঝতে হবে। আদিল রাশিদকে ওভাবে আক্রমণ করতে গিয়ে ও উইকেট ছোড়ে এসেছে। সেখানে স্টোকস দেখিয়ে দিল যে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়।’

আরও পড়ুন

বাবরদের হারিয়ে বিশ্বসেরার মুকুট ইংলিশদের

×
সর্বশেষ সর্বাধিক পঠিত