বাংলাদেশের গণতন্ত্র, আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডাকে অবহিত করেছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে রুদ্ধদ্বার এই বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
খসরু বলেন, ‘কানাডা সব সময় মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয়। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় বাইলেটারেলি বলে আসছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।’
মানবাধিকার বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘কানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই। এটা স্বাভাবিক। বাংলাদেশের জনগণের যে রকম কনসার্ন আছে, সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো, মাল্টিলেটারেল বডি এবং মানবাধিকার সংস্থা সবার কনসার্ন আছে। বৈঠকে আমীর খসরু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
