ইরানে বিক্ষোভ শুরুর পর এই প্রথম একজনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভের মধ্যেই গত রবিবার এ মৃত্যুদণ্ড ঘোষিত হলো। অজ্ঞাত অভিযুক্তকে তেহরানের আদালতে এ দন্ড দেওয়া হয়।
দেশটির বিচার বিভাগ মিজান-এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। বলা হয়েছে, সরকারি ভবনে আগুন দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্ন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনে ষড়যন্ত্র এবং দুনিয়ায় দুর্নীতি ও আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করার দায়ে অভিযুক্তকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। মৃত্যুদন্ড দ্রুতই কার্যকর করা হবে বলে সতর্ক করেছে একটি মানবাধিকার সংস্থা। এটি ইরানের আইনে সবচেয়ে গুরুতর অপরাধের একটি হিসেবে বিবেচিত বলে মিজান অনলাইনে বলা হয়েছে। এদিকে তেহরানের অন্য একটি আদালত জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনে ষড়যন্ত্র ও সমাবেশ এবং জনশৃঙ্খলা বিঘ্নের দায়ে আরও পাঁচজনকে ৫ থেকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে।
নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন, ‘সরকারি তথ্য অনুযায়ী অন্তত ২০ জন শাস্তিযোগ্য মৃত্যুদন্ডের মুখোমুখি হবেন। আমরা খুবই উদ্বিগ্ন যে এসব মৃত্যুদন্ড খুব দ্রুতই কার্যকর করা হবে।’ দেশটিতে বিক্ষোভ শুরুর পর দুই হাজারেরও বেশি লোককে অভিযুক্ত করা হয়েছে।
