ডিম্বাস্ত্র আবার কী? প্রক্ষিপ্ত মিসাইল। মাথায় পড়লে টের পাবেন। নিক্ষিপ্ত ডিমের কথা শুনলে বেশি বিচলিত হয়ে থাকেন রাজনীতিবিদরা। বহু বছর আগে পচা ডিমের ব্যবহার নামে একটি প্রতিবেদন পড়েছিলাম। প্রশ্ন ছিল এত পচা ডিম যায় কোথায়? প্রায় সব বিক্রেতাই ‘কমন ক্রেতা’র কথা বলেছেনবেকারি মালিক। কেক তৈরি করতে পাইকারি দরে কিনে নেন। একজন বিক্রেতা তার দৃঢ় বিশ্বাস থেকে এমনও বলেছেন যে পচা ডিম না হলে কেক সুস্বাদু হয় না। রাজনীতিবিদদের ওপর নিক্ষেপ করার উদ্দেশ্যে কয়েকজন বিক্রেতার কাছ থেকে সতর্ক কিছু ক্রেতা ডিম কিনে থাকেন।
ডিন মার্টিনের গানটা এমনকি রাজনীতিবিদরাও ভালোবাসেন। গানের সারমর্ম অনেকটা এ রকম : তুমি যদি কারও ভালোবাসা না পাও, তুমি মানুষই না; ছুড়ে দেওয়া ডিম যদি তোমার মাথায় না ভাঙে তুমি রাজনীতিবিদই না।
বিশেষ করে ছুড়ে দেওয়া পচা ডিম যতক্ষণ না রাজনীতিবিদকে আঘাত করছে রাজনীতিবিদ হিসেবে তার নাবালকত্ব কাটছে না। এই সাবালকত্বের সঙ্গে চুল-দাড়ি-গোঁফ গজানোর সম্পর্ক অতি সামান্য। চুল-দাড়ি-গোঁফ কেবল গজায়নি, পেকে টাক পড়ার দশা হয়েছে এমন একজন বাহাত্তর-উত্তীর্ণ তিয়াত্তরে রাজা তৃতীয় চার্লস প্রায় মাতৃসম রানী ক্যামিলা পার্কারকে নিয়ে ইয়র্কশায়ার সফরে এসেছিলেন। উদ্দেশ্য সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য উন্মোচন। এ সময়ই এক তরুণের ছুড়ে দেওয়া ডিম্ব-মিসাইল রাজাকে ও রানীকে আঘাত করতে চেষ্টা করে।
এই ডিম্ব-মিসাইলে একদা সূর্য না ডোবা সাম্রাজ্যের বৃদ্ধ রাজাকে সাবালক বানানোর উদ্যোগ নিয়ে এক তরুণ গ্রেপ্তার হন এবং তার এই টার্গেট শুটিংয়ের জন্য মোটেও অনুতপ্ত নন বলে প্রকাশ্যে ঘোষণা দেন। দেরিতে সাবালকত্বের দিকে ধাবিত তৃতীয় চার্লস নাবালকসুলভ আচরণ করে হাউমাউ করে কেঁদে ওঠেননি, কোনো রাজনৈতিক দলের অপকীর্তি বলে পাড়া মাত করেননি, আন্তর্জাতিক ষড়যন্ত্রও মনে করেননি, নিজেও ডিমকামানের গোলন্দাজের সর্বোচ্চ শাস্তি দাবি করেননি, এমনকি টাকা খরচ করে প্ল্যাকার্ড, পোস্টার, ফেস্টুন ইত্যাদি বানিয়ে রসিক তরুণটির ফাঁসি চাই ফাঁসি চাই ধ্বনি দেওয়ার জন্য ছাত্র ও যুব ফ্রন্টকে রাস্তায় নামিয়ে দেননি। এটাই হচ্ছে ডিম্বাঘাতী সাবালকত্ব। ডিমের আঘাতে গত আড়াই হাজার বছরে কোনো রাজনীতিবিদ মৃত্যুবরণ করেননি। তবুও দক্ষিণ এশিয়ার কোনো দেশে হলে নিক্ষেপকারী তাৎক্ষণিক মৃত্যু ভাগ্যক্রমে এড়াতে পারলেও হত্যাপ্রচেষ্টা মামলার আসামি হতোই। সাবালকত্ব পরিমাপে ডিম্বসূচকটি সমাদৃত।
‘গড সেইভ দ্য কিং’জাতীয় সংগীত হলেও ইয়র্কের তরুণরা চেঁচিয়েছে ‘তোমাকে রাজা মানি না’, নুয়র্ক বিশ্ববিদ্যালয়ের ২৩ বছর বয়সী ডিম নিক্ষেপকারী চেঁচিয়ে বলেছেও ‘ক্রীতদাসের রক্তের ওপর এই দেশ দাঁড়িয়েছে’।
নিক্ষিপ্ত ডিম একটি নয় একাধিক। ৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানের সংবাদ কাভার করতে আসা গার্ডিয়ান প্রতিনিধি দেখেছেন তিনটি নিক্ষিপ্ত ডিম-মিসাইল আর বিবিসির প্রতিনিধি দেখেছেন পাঁচটি। তিন বা পাঁচ বিতর্কের চেয়ে হতাশাব্যঞ্জক বিষয়টি হচ্ছে উভয় মাধ্যমই দাবি করেছে ডিম রাজাকে আঘাত করতে পারেনি। রাজা ডিমকে ডজ দিয়েছেন। এই সংবাদে আবার দুটি আশঙ্কার সৃষ্টি হয়েছে; প্রয়াত রাজার সাবালকসুলভ আচরণ তাহলে সাময়িক। দ্বিতীয়ত. একালের তরুণরা টার্গেট শুটিংয়ে ব্যর্থ। দুটোই চিন্তার কারণ।
পাঁচটি হোক কী তিনটি হোক একাধিক ডিম রাজার দিকে ধেয়ে এসেও তাকে ছুঁতে পারেনি টার্গেট শুটিংয়ে ব্যর্থতার কারণে তার সাজা হোক এতে কেউ আপত্তি করবে না। কিন্তু এটাকে যেন হত্যাপ্রচেষ্টা বলে প্রচার না করা হয়। এমনকি নিক্ষেপকারীর ইচ্ছে ছিল রাজাকে ব্যথা দেওয়াএ কথাও যেন বলা না হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে আঘাত করার উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করা হয়েছেসরকারের পক্ষে এ কথা ছড়ানো হলেও ধৃত আসামির পক্ষে বলা হয় ব্যথা দেওয়ার ইচ্ছে থাকলে তো সেদ্ধ ডিম ছোড়া হতোডিমটা কাঁচা ছিল। সেদ্ধ বেশি হলে শক্তও বেশি, আঘাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি।
টার্গেট মিস করা নিয়ে আফসোস করে গেছেন সর্দার উধম সিং। লন্ডনের ক্যাক্সটন হলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকা-ের সময়কার পাঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ার এবং তখনকার সেক্রেটারি অব স্টেট ফর ইন্ডিয়া লর্ড জেটল্যান্ডকে (১৯১৭ থেকে ১৯২২ বাংলা গভর্নর) হত্যার উদ্দেশ্যেই গুলি করেন। মাইকেল ও ডায়ার সেখানেই লুটিয়ে পড়েন কিন্তু টার্গেট হয়তো মিস করেছেন এমনই আশঙ্কা করেছিলেন তরুণ উধম সিং। পুলিশবেষ্টিত অবস্থায় তিনি জিজ্ঞেস করলেন, ‘জেটল্যান্ড কি মরেছেন? তারও মরা উচিত। আমি তার ডানদিকে দুটো গুলি করেছিলাম।’
সর্দার উধম সিংয়ের সংশয় সঠিক। জেটল্যান্ড কেবল আহত হয়েছেন। তার গুলি টার্গেট ছুঁয়ে গেলে যথাস্থানে আঘাত করেনি। তিনি আফসোস করে বললেন, মাত্র একজন মরেছেন। আমি তো ভেবেছি আরও বেশি মারতে পারব। আমি নিশ্চয়ই খুব ধীরে ধীরে কাজটা করেছি। অনেক মহিলা ছিলেন তো তাই।
(মার্ডার অ্যাট ক্যাক্সটন হল ও অন্যান্য ইতিহাস : প্রকাশক এপিপিএল)
ডিমের দাম এতটাই বেড়েছে, কোথাও কোথাও সম্ভবত গুলির দামকেও ছাড়িয়ে গেছে। তার পরও যারা গাঁটের পয়সা খরচ করে ডিম কিনে কাঁচা অবস্থায় অথবা সেদ্ধ করে ছুড়ে মারেন তাদের উদ্দেশ্য যে উধম সিংয়ের মতো হত্যা করা নয় তা যে স্পষ্ট, আর যাই হোক ডিম নিক্ষেপকারীকে রাষ্ট্রদ্রোহীর মর্যাদা দিয়ে গুরুত্বপূর্ণ করে তোলার কোনো মানে নেই। বরং টার্গেট মিস করার জন্য তাকে অদক্ষ বলে গালাগাল দিয়ে পিজিয়ন টার্গেট শুটিংয়ে হাত পাকানের সুযোগ করে দেওয়া উচিত বলেও পশ্চিমের ‘এগ প্রোজেক্টাইল অ্যানালিস্টরা’ মনে করেন।
মুনতাজার আল জাইদি নামের জুতো-ছোড়া সাংবাদিকের কথা মনে করুন। ১৪ ডিসেম্বর ২০০৮ প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে নিয়ে বাগদাদে বহুসংখ্যক টেলিভিশন ক্যামেরার সামনে যখন লাইভ সংবাদ সম্মেলন করছিলেন মুনতাজার নিজের পায়ের জুতো খুলে প্রেসিডেন্টের মাথা বরাবর ছুড়লেন, দক্ষ আক্রোব্যাটের মতো প্রেসিডেন্ট জুতোকে ডজ দিলেন। এক জুতোতে আর কাজ কীভেবে মুনতাজার দ্বিতীয়টিও ছুড়লেন। এবার প্রেসিডেন্ট মাথা সরালেন আর ইরাকি প্রধানমন্ত্রী নিক্ষিপ্ত দ্রব্যটি ধরার চেষ্টা করে ব্যর্থ হলেন। অনস্বীকার্য, সেদিন থেকে মুনতাজার আল জাইদি সেলিব্রিটি হিসেবে যাই নাম কামিয়ে থাকুন না কেন টার্গেট শুটিংয়ে তিনি যে অদক্ষ এটা কাঁচা শুটাররাও বলতে ছাড়েননি। তার কারাবাসকে তারা অদক্ষতার শাস্তি হিসেবে মেনে নিয়েছেন। মুনতাজার দুটো বাক্যমিসাইলও নিক্ষেপ করেছিলেন। প্রথম নিক্ষেপের সময় বলেছিলেন, ‘তোর মতো কুত্তার জন্য ইরাকি জনগণের শেষ চুম্বন।’ দ্বিতীয় নিক্ষেপের সময় বলেছেন, ‘এই জুতোটি ইরাকের বিধবা, এতিম ও নিহতদের পক্ষ থেকে।’
মুনতাজার মাত্র ৯ মাস জেল খেটে বেরিয়ে এসে প্যারিসে গিয়ে তারই এক স্বদেশির জুতো হামলার শিকার হয়েছেন। টার্গেট শুটাররা মনে করেন টার্গেট মিস করার শাস্তি এত কম হলে শুটিংয়ের সিরিয়াসনেস কমে যাবে।
* * *
খ্রিস্টজন্মের ৬৩ বছর পর রোমান গভর্নর ভেসপাসিয়ানকে যে প্রজা টার্গেট করেছিলেন তিনি লক্ষ্যভ্রষ্ট হননি। সেকালে ডিম কিংবা জুতো (কজনই বা জুতো পরতেন!) জনপ্রিয় হয়ে ওঠেনি, ছোড়া হতো আহার্য ও ফলমূল। ভেসপাসিয়ানের গায়ে লেগেছিল শালগম।
অপরাধী ও রাজনীতিবিদদের ডিম পাওয়ার ব্যাপারটি বেশ পুরনো। প্রথম এলিজাবেথের যুগে থিয়েটার দর্শকদের কেউ কেউ পকেটে পুরে দু-একটি ডিম নিয়ে যেতেন। কারও অভিনয় বিরক্তিকর হলে তার ওপর ডিম এসে পড়ত। শত শত দর্শকের মধ্যে কাজটা কোন অসন্তুষ্ট দর্শকেরকখনো কখনো তা শনাক্ত করা গেলেও তারা মামলা-মোকদ্দমা বা হেনস্তার শিকার হননি। বরং নাট্যপরিচালক অভিনেতাকে বদলে দিয়েছেন কিংবা তার চরিত্রে গতি সংযোজন করেছেন।
রাজনীতিবিদ নিজ দলের হলেও বক্তৃতার সময় যদি অসমীচীন কথা বলেন তাতে দলের ভাবমূর্তিও ক্ষুণœ হয়। সমর্থকদের বরাবরই প্রত্যাশা নেতার কথা জাদুতে তাদের মুগ্ধ করবেন, বিরক্তির উদ্রেক করবেন না। ইংরেজরা তাদের রাজনৈতিক সভাগুলোতেও ওভারকোটের ভেতর ডিম নিয়ে অংশগ্রহণ করতে শুরু করলেন। ১৮৭১ সালে প্রকাশিত জর্জ এলিয়টের বিখ্যাত উপন্যাস ‘মিডল মার্চ’-এ রাজনৈতিক উচ্চাভিলাষী চরিত্র মিস্টার ব্রুক নির্বাচন প্রচারণায় যে ভাষণ দিলেন তা ছিল অগোছালো এবং দুর্বল। সুতরাং ভাষণের একপর্যায়ে তার ওপর ডিম বর্ষিত হতে শুরু করলরীতিমতো শিলাবৃষ্টির মতো।
ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে এগ ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হতে চলেছেপ্রাইম মিনিস্টার এগড্ মানে প্রধানমন্ত্রী ডিম্বাক্রান্ত হয়েছেন। সদ্য ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ঢোকা ঋষি সুনাক এখনো এগড্ হননি, তার মানে সাবালকত্বপ্রাপ্তি ঘটেনি। লিজ ট্রাসকে নাবালিকা অবস্থাতেই বিদায় নিতে হয়েছেমাত্র ৪৫ দিনের ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি কোনো ডিম্বাস্ত্র আকর্ষণ করতে পারেননি। অথচ তাদের পূর্বসূরিদের সাফল্যের ইতিহাসে ডিম্বাস্ত্রের ভূমিকা খাটো করে দেখার উপায় নেই। বিংশ শতকের সবচেয়ে সফল প্রধানমন্ত্রীদের একজন (কেবল ব্রিটেনে নয় সমগ্র বিশে^ সাফল্যের নিরিখে) মার্গারেট থেচার ডিম খেয়েছেন। বাংলা অভিধান ডিম্বাক্রান্ত হওয়া শব্দটি গ্রহণ করেনি। ডিম খাওয়া দ্ব্যর্থবোধক শব্দযুগল হিসেবে গৃহীত হতে পারেনাশতায় ডিম খাওয়া কিংবা জনসভায় ডিম খাওয়া। থেচারের আগে ডিম খেয়েছেন প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন। পরে ডিম খেয়েছেন জন মেজর, টনি ব্লেয়ার, ডেভিড ক্যামেরন। ডিমভাগ্যই তাদের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বহাল রেখেছে। তাদের সাবালকত্বপ্রাপ্তি ঘটেছে।
বিংশ শতকের সবচেয়ে সফলদের একজন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এপিসোডটি তুলে না ধরলেই নয়। ১৯৬৭-এর ফেব্রুয়ারিতে নির্বাচন প্রচারণায় ভুবনেশ্বর এসেছেন ইন্দিরা গান্ধী। ডিম্বাকৃতির একটি প্রক্ষিপ্ত মিসাইল (ব্রিটিশরা বলে থাকে ডেয়ারি মিসাইল) বক্তৃতারত ইন্দিরা গান্ধীর নাকে আঘাত করল। গুরুতর আঘাত নাকের হাড় ভেঙে দিল, রক্তপাত শুরু হলো, তিনি নাকমুখ চেপে ধরলেন। এ অবস্থাতেই তিনি বললেন, এটা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত। কাকে ভোট দেবেন? নিক্ষেপকারীকে? বেশি রক্তপাত হতে থাকায় তাকে দ্রুত ডায়াস থেকে নামিয়ে দিল্লিতে হাসপাতালে ঢুকিয়ে দেওয়া হয়, ডাক্তারের নির্দেশ উপেক্ষা করে ব্যান্ডেজ বাঁধা নাক নিয়ে আবার জনসমক্ষে আসেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে পাকাপাকি প্রধানমন্ত্রী হন।
জেরেমি ওয়েবস্টার জীবদ্দশায় মার্গারেট থেচারকে হাতের কাছে পাননি বলে তখন ডিম খাওয়াতে পারেননি। ২৬ মে ২০২২ লিঙ্কনশায়ারে মার্গারেট থেচারের ১০ ফুট উঁচু ব্রোঞ্জ ভাস্কর্য স্থাপিত হওয়ার আগে থেকেই লিস্টার বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা বিভাগের প্রধান ৫৯ বছর বয়সী জেরেমি ওয়েবস্টারের হাত পকেটের ভেতর নিশপিশ করছিল। ভাস্কর্যটি স্থাপিত হওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি পকেট নয়, ডিমের বাক্স থেকেই ডিম বের করে ‘ম্যাগি’র ওপর ছুড়ে মারলেন। ব্যাপারটা লোকচক্ষুর অন্তরালে ঘটেনি। তার ডিম প্রক্ষেপণের চিত্রধারণের সুযোগও নিয়েছেন রসিক ফটোগ্রাফার। পুলিশ তাকে ছাড়েনি। মার্গারেট থেচারের পক্ষে তার কোনো স্বজন কিংবা তার রক্ষণশীল দল তার ফাঁসি দাবি না করলেও সংক্ষিপ্ত বিচারের বিলেতি পুলিশ আইনের ৫ ধারায় তার ৯০ পাউন্ড জরিমানা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মোটেও থেচারবিরোধী নন এবং তার ভাস্কর্য স্থাপনে তাদের কোনো অসন্তোষও নেই, ব্যাপারটা জেরেমির নিজস্ব চিন্তাপ্রসূত।
কী জানি জেরেমি হয়তো ভেবেছেন মার্গারেট থেচার (১৯২৫-২০১৩) জীবদ্দশায় পর্যাপ্ত ডিম খাননি, তার ভাস্কর্যকেও কিছু খাওয়ানো দরকার।
শ্রমিকদলীয় প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন ১৯৭০ সালে হ্যারোতে ডিম খেলেন। নিক্ষিপ্ত একাধিক ডিমের একটি তার গায়ে লেগে ভেঙেও গেল। হ্যারল্ড উইলসন হেসে উঠলেন এবং মাইক্রোফোনে জনতার উদ্দেশে বললেন, হ্যারোতে দ্রব্যমূল্যের কথা যদি বিবেচনা করা হয় তাহলে স্বীকার করতেই হবে শ্রমিক দলের শাসনকালে ডিম এত সস্তা হয়েছে যে তা নিক্ষেপও করা যায়। যদি রক্ষণশীল দল ক্ষমতায় আসে তাহলে নিশ্চিত থাকতে পারেন আগামী ৫ বছর ব্রিটেনের জনগণ ডিম কিনে নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করবে না।
হ্যারল্ড উইলসন ১৯৬৪ থেকে ১৯৭০ এবং ১৯৭৪ থেকে ১৯৭৬ ব্রিটেনে প্রধানমন্ত্রী ছিলেন।
ডিম খাওয়ার পর টনি ব্লেয়ার বলেছিলেন, শুধু ডিম কেন, মাখনও নিক্ষেপ করুক, তাহলে কেক বানিয়ে খাওয়া যেত। এর নামই রাজনৈতিক সাবালকত্ব।
বিবেচনা করুন ‘ডিমপরিপক্বতা’ হ্যারল্ড উইলসনকে কত সম্মানিত করেছে আর দক্ষিণ এশিয়ায় প্রক্ষিপ্ত ডিমকে হয়তো বলা হবে আণবিক বোমাহিরোশিমা ও নাগাসাকির বোমার চেয়ে হাজার গুণ শক্তিশালী। এর নাম রাজনৈতিক নাবালকত্ব।
লেখক: কথাসাহিত্যিক ও অনুবাদক
