নরসিংদীর রায়পুরায় দুই যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। গতকাল মঙ্গলবার ভোরে রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল জয়পুরহাট, জামালপুর ও কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও তিনজন।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দীঘিরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) ও কালাম মিয়ার ছেলে মো. কামাল (৩৫)। তারা সবাই মাছ ব্যবসায়ী।
নরসিংদী হাইওয়ে পুলিশ জানায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। ঠিক একই সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ছেড়ে আসা একটি মাছভর্তি পিকআপ বাস দুটোকে ধাক্কা দেয়। সে সময় ঘটনাস্থলেই দুজন নিহত এবং আহত হন আরও ১১ জন। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
নীলকুঠি এলাকার ব্যবসায়ী কালাম মিয়া বলেন, তীব্র শব্দে ঘুম ভেঙে গেলে বাইরে বেরিয়ে দেখি একটি বাস ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নুর হোসেন (৫৪) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাশিপুর কলেজ মোড়-গংগারহাট পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই গ্রামের মৃত ছবিউদ্দিনের ছেলে।
জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহত মাসুমা খাতুন (৪০) সাবেক সেনাসদস্য সিরাজুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় সিরাজুলও আহত হয়েছেন। সিরাজুল ইসলাম সেনাবাহিনীর সাবেক (ল্যান্স কর্পোরাল) ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি পাঁচবিবি উপজেলার খাস বাগুড়ি গ্রামে।
জামালপুরের বকশিগঞ্জে প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টায় পৌর শহরের কামারপট্টি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
