গতকাল সকালে লিওনেল স্কালোনির মুখের হাসি বেশ চওড়া ছিল। কারণ, সব শিষ্যদের পেয়ে গেলেন একসঙ্গে। আবুধাবিতে মঙ্গলবার ভোরেই দলের সঙ্গে যোগ দিয়েছেন শেষ তিনজন– এমি মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ। এর আগে ধাপে ধাপে ২৩ ফুটবলার এসেছিলেন। বাকি তিন জন যোগ হওয়ায় পুরো আর্জেন্টিনা এখন একসঙ্গে। আজ আল নাহিয়ান স্টেডিয়ামে আরব আমিরাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি খেলে বাকি শুধু কাতারে পা রাখা।
সোমবার সকালে যোগ দিয়েছিলেন মেসি। ওইদিনই অনুশীলনেও আসেন। দর্শকভর্তি গ্যালারির সামনে হালকা অনুশীলন করেছেন। মজাও করেছেন বেশ। এক ড্রিবলিংয়ে তাকে ফেলে দেন সতীর্থ রদ্রিগো ডি পল। ব্যথা না পেলেও অভিনয় করেছিলেন মেসি। তা দেখে দ্বন্দ্বে পড়তেই হয় মেসির আর ইনজুরি হলো নাতো! পরক্ষণেই পলের সঙ্গে মেসির হাস্যরস শঙ্কা উড়িয়ে দেয়। অনুশীলনের এক পর্যায়ে স্টেডিয়াম ভর্তি দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। সন্ধ্যায় মেসিদের এই অনুশীলনের সময় আবুধাবিতে পৌঁছেছিলেন পাওলো দিবালা, নিকোলাস গনজালেজ, হোয়াকিন কোরেয়া। আবার মেসিদের রাতের খাবারের সময় তাদের সঙ্গে যোগ দেন নিকোলাস ওতামেন্দি, এনজো ফার্নান্দেজ, পাপু গোমেজ, হুয়েভো আকুনা ও গনজালো মন্তিয়েল। পুরো দল নিয়ে বিশ্বকাপের আগে শেষবারের মতো আজ একটা পরীক্ষা করে নেবেন স্কালোনি। ম্যাচ সামনে রেখে কাল শেষ অনুশীলন সেশনটা রুদ্ধদ্বার করেছে আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিটে আল নাহিয়ান স্টেডিয়ামে হবে ম্যাচ।
প্রস্তুতি ম্যাচে অবশ্যই আর্জেন্টিনার মূল উদ্দেশ্য থাকবে কোনো ফুটবলার যেন ইনজুরিতে না পড়ে। সোমবার কিছুটা ইনজুরি থাকায় নিকোলাস তালিয়াফিগো একাই অনুশীলন করেছিলেন। মঙ্গলবার দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করেছিলেন। ইনজুরির এই বিপত্তি কাটিয়ে নিজেদের ছক দেখে নেওয়ার শেষ সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান স্কালোনি।
