বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে তুরস্ক অংশগ্রহণমূলক ভোট চায়।
বুধবার (১৬ নভেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত মিট দি এম্বেসাডর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলোকে তাদের মতপার্থক্য মেটাতে ও সমাধান করতে হবে। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত তুরান বলেন, তারা বাংলাদেশকে একটি বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র হিসেবে দেখে এবং এটি এ অঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, তুরস্ক বাংলাদেশে তাদের বাণিজ্য ও বিনিয়োগ বহুমুখী করার পরিকল্পনা করছে। বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নে তুরস্কের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনাগুলো পারস্পরিক সম্মতিতে হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক আস্থার ভিত্তিতে এবং তারা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করার অপেক্ষায় রয়েছে।
রোহিঙ্গারা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে তুরান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে।
