ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য নতুন পণ্য নিয়ে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল। ব্লু-সিপ নামে নতুন এই স্কিম নিতে বিনিয়োগকারীদের প্রতি মাসে জমা দিতে হবে ৩ হাজার টাকা। স্কিমের একাধিক বিনিয়োগ নিয়ে প্রতি মাসে মৌলভিত্তিক শেয়ার কেনা হবে। গতকাল বুধবার রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল।
পাশাপাশি ধারাবাহিক ক্রয়ের মাধ্যমে সেরা গড় মূল্য তৈরি হবে, যা পরে ভালো মুনাফা দেবে। বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের একটি বিশেষজ্ঞ প্যানেল পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন। ৩ থেকে ১০ বছর হবে এই প্যাকেজের স্থায়িত্বকাল।
এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও পণ্যটি প্রাথমিকভাবে শুরু করেছি প্রায় ৬ মাস আগে। আর আগামী বছর থেকে বড় পরিসরে মার্কেটিংয়ে যাওয়ার চিন্তা রয়েছে। আমাদের ব্লু-সিপ পণ্যটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করছি, এক বছর পরেই আমরা বড় রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারব।
তিনি বলেন, সঞ্চয়কারীদের জন্য ক্যাপিটাল মার্কেটের বিনিয়োগের ক্ষেত্রে তার নিজস্ব সম্পৃক্ততা না এনে একটি সুচারু বিনিয়োগের মাধ্যমে একটা ক্ষুদ্র লক্ষ্যকে বৃহৎ অঙ্কে পরিণত করাই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সেটাই বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল নিয়ে এসেছে সাধারণ গ্রাহকদের জন্য যার নাম হচ্ছে ব্লু-সিপ।
বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরুন প্রসাদ পাল বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অধিকাংশই অনভিজ্ঞ। এমনকি অভিজ্ঞ বলে দাবি করা ব্যক্তিরাও ততটা বোঝেন না বলেই সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এমন সমস্যার সমাধান করতেই বাংলাদেশ ফাইন্যান্স অভিজ্ঞ ব্যাংকার ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে। ব্লু-সিপ প্রডাক্ট হেড ইনাম আহমেল হাসান বলেন, ব্লু সিøপের মাধ্যমে বড় বিনিয়োগকারীরা কমপক্ষে ৩ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন।
