সমুদ্রবন্দর ও বিমানবন্দরসহ অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরের আরও বিনিয়োগ চায় বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক সংযোগ ও উৎপাদন কেন্দ্র হিসেবে বাংলাদেশের উত্তরণকে সহজতর করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
গতকাল বুধবার ঢাকা সফররত সিঙ্গাপুরের পরিবহন ও বাণিজ্যমন্ত্রী এস ঈশ্বরণের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির আরও বিনিয়োগ চেয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সিঙ্গাপুরের মন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে দিয়ে আরও সম্ভাবনা অন্বেষণ করতে আগ্রহী এবং এটিকে পরবর্তী স্তরে উন্নীত করার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য উন্মুখ।
বৈঠকে উভয় মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এবং করোনা মহামারীতে অর্থনীতির গতিপ্রকৃতি, উন্নত প্রযুক্তি এবং ডিজিটাইজেশন ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা করেন। প্রতিমন্ত্রী মহামারীর চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশি প্রবাসীদের সহায়তার জন্য সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানান।
