সমালোচনা আর করবেন না- ফের প্রতিজ্ঞা করলেন কমল আর খান (কে আর কে)। তবে এক শর্তে। এবার তার বাজি শাহরুখ খান। ঘোষণা করলেন, যদি শাহরুখের আসন্ন ছবি 'পাঠান' বক্স অফিসে ব্যর্থ না হয়, তবে কোনো ছবি নিয়ে আর একটিও কথা বলবেন না তিনি।
কমলের এমন মন্তব্যে ফের শোরগোল। কেননা, কেআরকে-র সব কথাই নাকি ফলে যায়!
কখনো শাহরুখ, কখনো আমির খান, কখনো আবার সালমান খান- বলিউড খানেদের মুণ্ডুপাত না করে তিনি কি আর বেশি দিন চুপচাপ বসে থাকতে পারেন। 'লাল সিং চাড্ডা'-র ভরাডুবিতে যেমন কেআরকে-র পোয়াবারো দেখা গিয়েছিল, তেমনই অবশ্য ক্যাটরিনা কাইফের 'ফোন ভূত' মুক্তির আগেও ভবিষ্যদ্বাণী করতে দেখা গিয়েছিল বলিউডের এই স্বঘোষিত সমালোচককে। দেখা যায়, 'ফোন ভূত' সেভাবে চলেনি। তবে কি, নতুন বছরে শাহরুখের বহুপ্রতীক্ষিত 'পাঠান'ও ব্যর্থ হতে চলেছে? ভেবেই মন খারাপ অনুরাগীদের। সব রাগ গিয়ে পড়ে কমলের ওপরই। এর আগেও যদিও 'পাঠান' নিয়ে মন্তব্য করেছিলেন কমল। বলেন, 'চূড়ান্ত ব্যর্থ হবে এ ছবি। শাহরুখের কেরিয়ারও ডুবে যাবে।'
বিতর্কিত টুইট-কাণ্ডে কেআরকে জামিন পেয়েছেন গত সেপ্টেম্বরেই। ফের তাকে স্বমহিমায় দেখে বিরক্ত দর্শক। যদিও আগে বহুবার জানিয়েছেন, আর সমালোচনা করবেন না। কিন্তু বার বার ফিরে আসেন। গত ২ আগস্টই সমালোচনার কাজে 'ইস্তফা দেওয়া'র কথা ঘোষণা করেছিলেন কমল। জানিয়েছিলেন, 'লাল সিং চাড্ডা'র পর বলিউডকে নিস্তার দেবেন তিনি। কিন্তু বলিউডের মন্দার দিনে ঢুকে পড়ার লোভ সামলাতে পারেননি। 'বিক্রম বেধা'-র পর টুইটার ছাড়বেন বলে জানান। এদিকে তার নামগন্ধ নেই। সূত্র : হিন্দুস্তান টাইমস
