চায়ের দোকানের কর্মচারী, রেলস্টেশনের ঝাড়ুদার আর পার্টটাইম জুতা সেলাইকারী ছেলেটা শুধু কি প্রতিভাবলেই হয়ে উঠল কিংবদন্তি? লিখেছেন আনোয়ার হোসেন
মেসি শ্রেষ্ঠ নাকি রোনালদো শ্রেষ্ঠ এই তর্কের সমাধা কখনো হওয়ার নয়। কিন্তু এই তর্কের আগুনে পানি ঢেলে ব্রাজিলের ’৭০ বিশ্বকাপজয়ী টোস্টাও বলেছেন, রোনালদো আর মেসি একত্র করলে যে প্লেয়ারটা পাওয়া যাবে সেটা পেলে। আরেক গ্রেট প্লেয়ার ইয়োহান ক্রুইফ বলেছেন, পেলেই একমাত্র খেলোয়াড় যিনি যুক্তির গন্ডি পেরিয়ে গেছেন। এমনকি আলফ্রেদো দি স্তেফানোও বলেছেন, মেসি রোনালদো থেকে পেলে বেটার। পেলের ব্যাপারে আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ মেনোত্তি বলেন, যদি ম্যারাডোনা, মেসি, স্টেফানো আর ক্রুইফকে একত্র করা হয় তাহলে হয়তো পেলেকে পাওয়া যাবে। নিজের পেশার অন্য কিংবদন্তিদের সমীহ আদায় করা কোনো সহজ ব্যাপার নয়। ফুটবলের জাদুকর কীভাবে সম্ভব করেছিলেন সেটা?
পেলে জন্মেছিলেন ব্রাজিলের এক সাধারণ শহরের সাধারণ এক বস্তিতে, ১৯৪০ সালের ২৩ অক্টোবরে ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরের এক বস্তিতে। বাবা-মা নাম রাখেন এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু, বন্ধুরা ডাকত ডিকো নামে। পছন্দের খেলোয়াড় বেলের নাম ভুল উচ্চারণ করায় স্কুলের বন্ধুরা তাকে পেলে নামে ক্ষেপাতে থাকে। তিনি যতই মানা করতেন ততই তাকে এই নামে ডাকত। একসময় এই নামই স্থায়ী হয়ে যায়।

দরিদ্র কৃষ্ণাঙ্গ পরিবারের প্রথম সন্তান হিসেবে পরিবারের অভাব-অনটনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সে অভাব মেটানোর জন্য দায়িত্ব নিতে পিছপা হননি। কর্মচারী হিসেবে কাজ নেন চায়ের দোকানে। কিন্তু সেই দুঃসময়ে এটিও যথেষ্ট না হওয়ায় কাজের ফাঁকে ফাঁকে তিনি রেলস্টেশন ঝাড়ু দিয়ে ও জুতা পরিষ্কার করে পরিবারের জন্য অর্থোপার্জনের চেষ্টা করেছিলেন। বাবার কাছেই ফুটবলের হাতেখড়ি। খেলতেন অন্যদের সঙ্গে কিন্তু অনুশীলন করার নিজস্ব ফুটবল ছিল না। মোজার ভেতরে খবরের কাগজ ভরে ফুটবল বানিয়ে খেলতেন। প্রকৃত ফুটবলে খেলার সুযোগ জন্য ইনডোর ফুটবল খেলতে বাধ্য হতেন। পরে পেলে বলেছেন, ইনডোর ফুটবল খেলাটা তার ভীষণ কাজে দিয়েছে। ঘাসের থেকে শক্ত মেঝেই বল অনেক দ্রুত গতিসম্পন্ন, সে কারণে খেলোয়াড়দেরও অনেক দ্রুত গতিসম্পন্ন হতে হয়। তারা দ্রুত চিন্তাভাবনা করার প্রশিক্ষণ পান। পেলে বলেন, এর ফলে আমি শিখেছিলাম যা-ই সামনে আসুক না কেন তাকে ভয় পাওয়ার কিছু নেই। দারিদ্র্যের কারণে যে কাজ করতে তিনি বাধ্য হয়েছিলেন সেই কাজই তাকে আগামীতে বিজয়ী করতে তৈরি করেছিল। ইনডোর এই ফুটবলেই পেলে দারুণ ভালো করেন। তার প্রতিভা একদিন চোখে পড়ে ওয়ালডেমার ডি ব্রিটোর। সে সময় পেলের বয়স ছিল ১৫ বছর। ব্রিটো পেলেকে গলি থেকে উঠিয়ে নিয়ে গেলেন স্যান্টোস ক্লাবে এবং অন্তর্ভুক্ত করেন স্যান্টোসের ‘বি’ টিমে। এখানেও সহজাত প্রতিভা দেখিয়ে এক বছরের মধ্যেই স্যান্টোসের মূল দলে নিজের জায়গা করে নেন পেলে। তারপর শুরু আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সেবার ব্রাজিলের পেশাদার ফুটবল লিগে স্যান্টোসের হয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। ব্রাজিলের হয়ে পেলের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। সে ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে যায়। কিন্তু পেলে করেন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড তৈরি করেন তিনি। ১৯৫৮ সালের বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলের অভিষেক ঘটে। এখানেও তিনি করেন বিশ্বরেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার মর্যাদা অর্জন করেন। এভাবে একে একে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ এর মোট চার চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করেন পেলে। এর মধ্যে তিনবার (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে) বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেন। ক্যারিয়ারের ১৩৬৩ ম্যাচে পেলে গোল করেছেন ১২৮১টি। ১৯৬৯ সালের নভেম্বরে ভাস্কো-দা-গামা ক্লাবের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের এক ম্যাচে যেদিন করলেন তার হাজারতম গোল, সেদিন পুরো ব্রাজিল মেতে উঠেছিল উৎসবে। কোনো একক খেলোয়াড়ের গোল করার এটিই ছিল বিশ্বরেকর্ড। পেলের জীবন যেন এক রূপকথা। অবিশ্বাস্য সব ঘটনায় মোড়া। আজকের কোনো খেলোয়াড় কি সারা জীবন একটিমাত্র ক্লাবে খেলার কথা ভাবতে পারেন? পেলে কিন্তু একটিমাত্র ক্লাবেই খেলেছেন সারা জীবন। কোনো ব্যক্তিকে কি জাতীয় সম্পদ হিসেবে কোনো দেশ ঘোষণা করেছে? ব্রাজিলের সরকার পেলেকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করেছিল এবং এই সম্পদ যেন রপ্তানি না করা হয় সেজন্য আইনও তৈরি করেছিল। পেলেকে দেখার জন্য গৃহযুদ্ধ বন্ধ করেছিল নাইজেরিয়া। এমন আশ্চর্য সব কান্ড যে মানুষটার সেই মানুষটা গড়ে উঠেছিলেন কোন মন্ত্রবলে?
চারটি বিশ্বকাপে অংশগ্রহণ আর তার তিনটিই জয় করা মুখের কথা নয় তার জন্য কমপক্ষে ষোল বছর শারীরিকভাবে সক্ষম ও নৈপুণ্য প্রদর্শনের উপযোগী থাকতে হবে। এটা কীভাবে সম্ভব হলো তা পেলের কিছু উদ্ধৃতির মাধ্যমে বোঝা যায়। তিনি বলেন, সবকিছুই অনুশীলনের অধীন। সফলতা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটা হলো কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ক্রমাগত শিখতে থাকা, ত্যাগ এবং নিজের কাজকে ভালোবাসার সমন্বয়ের প্রাপ্ত ফলাফল। পেলের এই জীবনাদর্শকে অনুসরণ করে যেকোনো সাধারণ ব্যক্তিও হয়ে উঠতে পারে স্ব স্ব ক্ষেত্রে সফলতার দৃষ্টান্ত, পেলের মতো।
