ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ চান রোনালদো

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:৩০ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৩৭। আগে জানিয়েছেন ইউরো ২০২৪ খেলতে চান তিনি। বয়স বিবেচনায় ধরে নেওয়া যায় এটি রোনালদোর শেষ বিশ্বকাপ। আর কাতারে রোনালদোর হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য উন্মুখ হয়ে আছে বিশ্বব্যাপী কোটি ভক্ত। রোনালদো নিজেও দেখছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর ফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল হলে সেটি রোনালদোর জন্য হবে স্বপ্নের মতো। সেলেকাওদের হারিয়েই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে চান পর্তুগিজ অধিনায়ক।

২০০৬ বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। এরপর খেলেছেন আরও তিনটি বিশ্বকাপে। কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে রোনালদো। এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ও দল নিয়ে নানা কথা বলেছেন তিনি। সেখানে রোনালদো বলেন, ‘আমি কাসেমিরোর (রোনালদোর ম্যানইউ সতীর্থ) সঙ্গে মজা করে বলি, এবার পর্তুগাল-ব্রাজিল ফাইনাল হবে। সত্যি কথা বলতে, এটা স্বপ্নের মতো। বিশ্বকাপ, সবচেয়ে কঠিন টুর্নামেন্ট। আমি এটা নিয়ে স্বপ্ন দেখি। আমি জানি, এটা অনেক কঠিন কাজ। তবে স্বপ্ন তো দেখাই যায়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেখানে গিয়ে লড়াই করা।’

কাতারে বিশ্বকাপ হওয়া নিয়ে রোনালদো বলেন, ‘বছরের শেষ দিকে এ ধরনের টুর্নামেন্ট খেলা বেশ চ্যালেঞ্জিং তবে ভিন্ন কিছু হবে। আমার মনে হয়, ভালোই হবে। আমি রোমাঞ্চিতও বটে। আমি এ নিয়ে দারুণ আনন্দিত। আমার দলের সতীর্থরাও আনন্দিত।’ কাতারের উষ্ণ আবহাওয়ার কারণেই বিশ্বকাপ নভেম্বর মাসে। তবু অনেকে সমালোচনা করছেন। পেশাদার খেলোয়াড় হিসেবে যেকোনো আবহাওয়ায় মানিয়ে নিতে হবে বলছেন রোনালদো। ‘আবহাওয়া আমার জন্য সমস্যা নয়। আমরা প্রস্তুত। পেশাদার ফুটবলার হিসেবে আমরা সব ধরনের পরিবেশে মানিয়ে নিতে সক্ষম। আমার মত হচ্ছে, এটা ভালো হবে। কারণ, আমি উষ্ণ আবহাওয়া পছন্দ করি। এটা আমার জন্য বড় কোনো সমস্যা না।’ মৌসুমের মাঝে ফুটবল বিশ্বকাপ হওয়ায় তরুণরা তো বটেই বয়স্ক খেলোয়াড়রাও অন্য সময়ের চেয়ে ফিট থাকবেন বলে বিশ্বাস রোনালদোর।

বিশ্বকাপে রোনালদোর গোল ৭টি। রোনালদোর সামনে সুযোগ আছে আরেক পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওর বিশ্বকাপে করা ৯ গোলকে ছাড়িয়ে যাওয়ার। রোনালদো বলেন, ‘দারুণ একটি চ্যালেঞ্জ। ইউসেবিওর প্রতি আমার অনেক শ্রদ্ধা। তাকে পর্তুগিজরা হৃদয়ে ধারণ করেন। অসাধারণ একজন মানুষ ছিলেন। যদি এমন একটা সুযোগ থাকে এবং কাজে লাগাতে পারি। আমার মনে হয়, ইউসেবিও ওপারে খুশিই হবেন। তার রেকর্ড ভাঙার জন্য সেখান থেকে আমাকে শুভকামনা জানাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত