হবিগঞ্জর মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১২ সালে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হলেও এর সুফল পাচ্ছে না উপজেলাবাসী। জনবল সংকটের কারণে ১০ বছরেও হাসপাতালের নতুন ভবনে শিশু ওয়ার্ডসহ কোনো চিকিৎসা কার্যক্রমই চালু না হওয়ায় কার্যত এ ভবন কোনো কাজেই আসছে না। লোকবল সংকটের কারণে জরুরি বিভাগে চিকিৎসকদের সহায়তা করে পিয়ন ও নাইটগার্ড পদবির কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, ২০১২ সালের ২৪ নভেম্বর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ৫০ শয্যাবিশিষ্ট মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করেন। এসময় হাসপাতালটিতে এক্স-রে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, ইসিজি মেশিনসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েক কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু আজ পর্যন্ত হাসপাতালে সনোলজিস্ট ও রেডিওগ্রাফারসহ মেডিকেল টেকনোলজিস্টের শূন্য পদগুলোতে কোনো লোকবল নিয়োগ করা হয়নি।
এ ছাড়া, চিকিৎসকের পাশাপাশি ওয়ার্ড বয়, আয়া ও ঝাড়ুদারের কয়েকটি পদও শূন্য। শূন্য পদগুলো পূরণেরও কোনো উদ্যোগ নেই।
