বিদিশার কারণে এরিক মাসোহারা পাচ্ছেন না

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০১:২৩ এএম

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ও তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের ছেলে শাহাতা জারাব এরিকের নিরাপত্তা ও তার ভরণপোষণে মাসিক খরচের চাহিদাপত্র না পাওয়ায় শঙ্কা প্রকাশ করেছে এরশাদ ট্রাস্ট। ট্রাস্টের এই সুবিধাভোগীর মাসিক খরচের চাহিদাপত্র ও তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এবার তাকে পরিস্থিতি অবহিত করে চিঠি দিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনূর রশীদ।

গতকাল বৃহস্পতিবার হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান এবং জাপা ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে এরিকের নিরাপত্তা চেয়ে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান। একই চিঠির অনুলিপি পাঠানো হয়, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আইজিপি, মহানগর পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার গুলশান জোন বরাবর। এসবের বিস্তারিত জানিয়ে গতকাল এরশাদ ট্রাস্টের সুবিধাভোগী শাহাতা জারাব এরিকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এরিককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এরিকের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ না থাকায় এবং তার মা বিদিশা সিদ্দিকের বাধার কারণে বরাবরের মতো মাসিক খরচের চাহিদাপত্র পাওয়া যায়নি। ফলে চলতি মাসের ভরণপোষণের অর্থ সরবরাহ করা সম্ভব হয়নি। এসব বিষয় দেখতে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট পার্কের তত্ত্বাবধায়কও (অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান) এরিকের সঙ্গে সাক্ষাৎ করতে ও খোঁজখবর নিতে ব্যর্থ হয়েছেন। ফলে এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

বরং বিদিশার প্ররোচনায় এরিক মিথ্যা বানোয়াট কল্প-কাহিনী সাজিয়ে ট্রাস্ট সদস্যদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে উল্লেখ করা হয় চিঠিতে। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট পার্কে এরিকের সঙ্গে দেখা করতে গেলে এরিকের মা বিদিশা ট্রাস্ট সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বাসায় না থাকায় এরিক এসব বিষয়ে জানেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত