কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক, শৈবাল, লাবণী পয়েন্ট ও কবিতা চত্বরে যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। স্থলভাগে উঠে আসা এসব মাছ মৃত ও ছোট প্রজাতির। গতকাল বৃহস্পতিবার সকালে জোয়ারের সময় সৈকতের পয়েন্টের প্রায় আড়াই কিলোমিটার এলাকায় এসব মরা মাছ দেখতে পান স্থানীয় লোকজন। অনেকেই মাছ কুড়িয়ে নিয়েছেন।
এর আগে মরা জেলি মাছ কিংবা ডলফিন ভেসে আসতে দেখা গেছে। এবার কী কারণে মরা মাছ ভেসে এলো তা নিয়ে গবেষণা করবেন বলে জানিয়েছেন কক্সবাজারের সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটক সেল) মাসুম বিল্লাহ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর সূত্র মতে, সমুদ্রে একাধিক ট্রলারে আহরিত মাছ একটি ট্রলারে নাজিরারটেকে শুঁটকি করতে নেওয়া হচ্ছিল। কিন্তু কেউ বিষয়টি স্বীকার করছে না।
