নড়াইলে নর্দমা থেকে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার গন্ধবাড়িয়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের নর্দমা থেকে শেখ আবু তালেব (৭৫) নামে ওই মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হয়। তিনি নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
স্বজনদের দাবি, স্থানীয় একটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন শেখ আবু তালেবকে হত্যা করে লাশ নর্দমায় ফেলে দেয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত শেখ আবু তালেবের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বাড়ির বাইরে বের হন শেখ আবু তালেব। কিন্তু রাত হয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকেন। গ্রামের মসজিদের মাইক থেকেও মুক্তিযোদ্ধা আবু তালেবের নিখোঁজের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে পাশের গ্রাম গন্ধবাড়িয়ায় সড়ক লাগোয়া নর্দমায় মৃত অবস্থায় পাওয়া যায় আবু তালেবকে। পরে নড়াগাতী থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য ৩টার দিকে মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মুক্তিযোদ্ধা আবু তালেবের ভাতিজা মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাচ্চু দেশ রূপান্তরকে বলেন, ‘আমার চাচাকে হত্যা করা হয়েছে। গত ১৪ নভেম্বর ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে চাচার প্যানেল জয়লাভ করে। পরাজিত প্রার্থীরা চাচাকে হত্যা করেছে বলে আমরা অনুমান করছি। আমার চাচার অন্য কোনো শত্রু নেই।’
মাউলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন শেখ আবু তালেব। অন্য প্যানেলের নেতৃত্বে ছিলেন তবিবুর রহমান ম-ল। নির্বাচনে আবু তালেবের প্যানেল জয়লাভ করে। আজ (গতকাল বৃহস্পতিবার) সভাপতি নির্বাচিত হওয়ার দিনক্ষণ রয়েছে। নির্বাচিত সদস্য সংখ্যা আবু তালেবের পক্ষে বেশি হওয়ায় এবারও তিনি সভাপতি নির্বাচিত হতেন। এর আগে তিনি মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। তিনি আবারও যাতে সভাপতি হতে না পারেন সে জন্য প্রতিপক্ষ প্যানেলের লোকজন শত্রুতার কারণে তাকে হত্যা করে থাকতে পারে।’
মাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজী হক জানান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে বেশ কয়েক দিন ধরে দুই প্যানেলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
নড়াগাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল গফুর বলেন, ‘মুক্তিযোদ্ধা আবু তালেবের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
